Advertisement
E-Paper

বছরে সাত কোটি রোহিত, বিরাটের পকেটে, হার্দিকরা পাবেন পাঁচ কোটি, বার্ষিক চুক্তি ঘোষণা বোর্ডের

বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চার ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। সব থেকে বেশি টাকা পাবেন চার ক্রিকেটার। রোহিত এবং বিরাট ছাড়াও সেই তালিকায় আরও দুই ক্রিকেটার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ২৩:১৯
Rohit Sharma

রোহিত শর্মাদের বার্ষিক চুক্তি ঘোষণা বোর্ডের। —ফাইল চিত্র

ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের তরফে রবিবার জানানো হয়েছে যে, ক্রিকেটারদের চার ভাগে ভাগ করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন সব থেকে বেশি টাকা পাওয়ার তালিকায়। সেখানে এই দুই ক্রিকেটার ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা। এই চার ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই খেলেন। হার্দিক পাণ্ড্য রয়েছেন পরের ভাগে।

বিসিসিআই যে চারটি ভাগ করেছে, সেগুলি হল ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। বিরাটরা রয়েছেন ‘এ+’ ভাগে। অধিনায়ক রোহিত, জাডেজা, বুমরাও একই ভাগে। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি সাদা বলের ক্রিকেটই শুধু খেলছেন। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তাঁকে দেখা যাবে কি না তা জানা যায়নি। রোহিতের অবর্তমানে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হার্দিক ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন।

বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা। তাঁরা রয়েছেন ‘বি’ ভাগে। পুজারা ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। পুজারা শুধু লাল বলের ক্রিকেটে খেলেন। রাহুল, শ্রেয়স, সিরাজ, শুভমনরা তিন ধরনের ক্রিকেটে খেললেও তাঁদের ‘বি’ ভাগেই রাখা হয়েছে।

‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। তাঁকে আগামী দিনে ভারতীয় দলের ভাবনার মধ্যে রাখার ইঙ্গিত এই তালিকা। ওপেনারদের ধারাবাহিকতার অভাবের কারণেই বিশ্বকাপের বছরের কথা মাথায় রেখে ধাওয়ানকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধাওয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত।

BCCI Team India Virat Kohli Hardik Pandya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy