জসপ্রীত বুমরাহের জন্য ক্রিকেটারদের বেতন কাঠামো বদলে ফেলতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মরসুমে কাঠামোয় একটি বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ+ ক্যাটেগরি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে আগের তুলনায় ২ কোটি টাকা কম পাচ্ছেন বুমরাহ। সেই কারণেই আবার নতুন করে ভাবতে শুরু করেছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডে আগে চারটি ক্যাটেগরি ছিল। এ+, এ, বি এবং সি। এ+ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারেরা বছরে ৭ কোটি টাকা পেতেন। এ, বি এবং সি ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারেরা যথাক্রমে ৫, ৩ এবং ১ কোটি টাকা পেতেন বছরে।
এ+ ক্যাটেগরিতে তাঁদেরই রাখা হত যাঁরা তিনটি ফরম্যাটেই ভাল খেলতেন। গত বছর পর্যন্ত বুমরাহের পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা এই ক্যাটেগরিতে ছিলেন। কিন্তু রোহিত ও কোহলি দু’টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। জাডেজাও একটি ফরম্যাট খেলেন না। তাই তাঁদের নামানো হয়েছে। বুমরাহকেও এ ক্যাটেগরিতে নামিয়ে এ+ ক্যাটেগরি তুলে দেওয়া হয়েছে। ফলে ৭ কোটির বদলে বুমরাহ বছরে ৫ কোটি টাকা পান। একই টাকা পান জাডেজা ও শুভমন গিল।
আরও পড়ুন:
কিন্তু বুমরাহই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি ধারাবাহিক ভাবে তিন ফরম্যাটে খেলেন। কখনও কখনও শারীরিক ধকল সামলাতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু তিন ফরম্যাটেই নির্বাচক ও কোচের প্রথম পছন্দ তিনি। এ রকম এক ক্রিকেটারের বেতন বছরে ২ কোটি টাকা কমে যাক, তা চাইছে না বোর্ড। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের পর বোর্ডের এই ভাবনা আরও বেড়েছে।
বোর্ডের মতে, বুমরাহ ছাড়া আরও কয়েক জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের পারফরম্যান্স অনুযায়ী প্রাপ্য বেতন পাচ্ছেন না। উদাহরণ, অক্ষর পটেল। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়ার পরেই সি ক্যাটেগরিতে রয়েছেন তিনি। অর্থাৎ, বছরে ১ কোটি টাকা বেতন পান অক্ষর। শুভমন এখন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বুমরাহের মতো তিনিও ৫ কোটি পান। বোর্ডের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বলেছে, “বুমরাহকে ক্ষতিপূরণ কী ভাবে দেওয়া যায় সেটাই ভাবছে বোর্ড। বুমরাহের বেতন ২ কোটি কমিয়ে দেওয়া ঠিক হয়নি। আরও কয়েক জন আছে, যারা ভাল খেলার পরেও কম বেতন পাচ্ছে। সেই কারণেই বেতন কাঠামোয় বদল হতে পারে।”