Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

হাঁটুর চোটে কাবু হর্ষিতের পরিবর্ত এখনই খুঁজছে না কেকেআর! শাহরুখের দলের এই সিদ্ধান্তের নেপথ্যে একটিই কারণ

আইপিএলে হর্ষিত রানার খেলা নিয়ে সংশয় রয়েছে। এখনও ঠিক মতো হাঁটতে পারছেন না হর্ষিত। তার পরেও হর্ষিতের পরিবর্ত খুঁজছে না কলকাতা নাইট রাইডার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:৫৮
cricket

হর্ষিত রানা। —ফাইল চিত্র।

মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে দলে নিলেও এখনই হর্ষিত রানার পরিবর্ত খুঁজছে না কলকাতা নাইট রাইডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। অস্ত্রোপচার হয়েছে। এখনও ঠিক মতো হাঁটতে পারছেন না। তার পরেও হর্ষিতকে নিয়ে আশাবাদী কেকেআর।

‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, হর্ষিতের মাঠে ফেরার কোনও নির্দিষ্ট দিন জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তিনি। তবে রিপোর্টে বলা হয়েছে, প্রতিযোগিতার শেষ দিকে সুস্থ হয়ে ফিরতে পারেন হর্ষিত। শেষ কয়েকটি ম্যাচে পাওয়া যেতে পারে তাঁকে। সেই কারণেই পরিবর্ত নিচ্ছে না কলকাতা।

একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে নিয়েও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে চোট পেয়েছিলেন পাথিরানা। তার পর থেকে আর খেলেননি। তবে জানা গিয়েছে, আইপিএল শুরু হওয়ার আগে সুস্থ হয়ে উঠবেন পাথিরানা। ফলে শুরু থেকেই পাওয়া যাবে তাঁকে। তাই পাথিরানারও কোনও পরিবর্ত খোঁজা হচ্ছে না।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হর্ষিত। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

হর্ষিতের আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের। ডান হাতে ক্রাচ নিয়ে কোনও রকমে হাঁটছিলেন হর্ষিত। তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা।

হর্ষিতকে দেখে মনে হয়েছে, সুস্থ হতে এখনও অনেক সময় লাগবে তাঁর। সেই সময় তাঁকে দিতে চাইছে কলকাতা। হর্ষিত যদি প্রথমের দিকের ম্যাচগুলিতে খেলতে না পারেন, তা হলেও খুব একটা সমস্যা হবে না কেকেআরের। কারণ, বৈভব অরোরা, আকাশদীপ, উমরান মালিক রয়েছেন। মুজারাবানিকে নেওয়া হয়েছে। পাথিরানাও শুরু থেকে খেলবেন বলে খবর। তাই হর্ষিতকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না শাহরুখ খানের দল।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Harshit Rana KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy