Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

প্রত্যাশার চাপ সামলায় কী ভাবে, জানিয়ে দিল বৈভব, ‘ধুরন্ধর’ সূর্যবংশী ডায়েরির পাতা থেকে কেটে দিল দু’টি লক্ষ্য!

১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে তারকা হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। তাকে নিয়ে প্রত্যাশার চাপ অনেক। সেই চাপ কী ভাবে সামলায় বৈভব?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:২৮
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

গত বার আইপিএলে নেমেই তারকা হয়ে উঠেছিল বৈভব সূর্যবংশী। এ বার তারকা হয়েই নামবে সে। মাত্র ১৪ বছর বয়সি বৈভবের দিকে সকলের নজর। ক্যামেরার ঝলকানি। এত অল্প বয়সে এই পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ কী ভাবে সামলায় বৈভব? আইপিএলে নামার আগে তার জবাব দিল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার।

রাজস্থানেরই একটি অনুষ্ঠানে এই প্রশ্নের জবাব দেয় বৈভব। তার পাশে তখন বসে রবীন্দ্র জাডেজার মতো পোড়খাওয়া ক্রিকেটার। বৈভব বলে, “আমি নিজের কাজ নিয়েই ভাবি। যে কোনও পেশায় আপনি ভাল করলে প্রত্যাশা তৈরি হবেই। সকলে মাথায় তুলে রাখবে। আপনি কী ভাবে সেই চাপ সামলাবেন, সেটা আপনার বিষয়। তাই আমি খেলা নিয়েই ভাবি। পর পর খেলা থাকে। তাই অন্য দিকে নজর দেওয়ার সময় থাকেই না।”

চলতি বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বৈভব। সেখানে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করেছিল সে। গত বার আইপিএলে নেমেই শতরান করেছিল বাঁহাতি ওপেনার। এখন পর্যন্ত তার খেলা সেরা ইনিংস কোনটা? বৈভব বলে, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ইনিংসটাকে সকলের আগে রাখব। কারণ, আইপিএলে আরও সুযোগ পাব। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সুযোগ এক বারই পাব। সেখানে ফাইনাল জেতাতে আমার শতরানের ভূমিকা ছিল। এর থেকে বড় গর্বের মুহূর্ত আমার জীবনে খুব বেশি আসেনি।”

কয়ের দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে বৈভব জানিয়েছিল, তার প্রিয় সিনেমা ধুরন্ধর। এই ঘোষণার পর বৈভবকে ধুরন্ধর-এর কায়দায় স্বাগত জানিয়েছে রাজস্থান রয়্যালস। সিনেমায় রণবীর সিংহের একটি ডায়েরি ছিল। তাঁর একের পর এক লক্ষ্য সেখানে লিখতেন তিনি। একটি করে লক্ষ্যপূরণের পর তা কেটে দিতেন। ঠিক তেমনই বৈভবও একটি ডায়েরিতে নিজের লক্ষ্য লিখে রাখছে। আইপিএলে শতরান ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। তাই সেই দু’টি কেটে দিয়ে বৈভব লিখেছে, তার পরবর্তী লক্ষ্য আইপিএল জয়। সেই লক্ষ্যেই নামছে ১৪ বছরের তারকা।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Vaibhav Sooryavanshi Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy