জামাই শাহিন আফ্রিদিকে কেন পাকিস্তানের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে, সেই প্রশ্ন তুলে দিলেন শ্বশুর শাহিদ আফ্রিদি। সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের নিশানা করলেন আফ্রিদি। তাঁর মতে, নির্বাচকেরা জানেন না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। এমনকি, দল নির্বাচনেও গলদ হয়েছে বলে দাবি তাঁর।
এক্স মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিজের মতামত জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, “২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশ সিরিজ় দেখুন। আমার মনে হয়, সব দোষ নির্বাচকদের। ওঁরা এত ক্রিকেট খেলেছেন। কিন্তু জানেনই না, কাকে কোন ফরম্যাটে অধিনায়ক করা উচিত। শাহিনকে কেন অধিনায়ক করা হল? এক দিনের ক্রিকেটের কী অভিজ্ঞতা ওর আছে? টি-টোয়েন্টি হলে বুঝতাম। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে এই সিদ্ধান্ত ঠিক হয়নি।”
আফ্রিদির এই কথার পর পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একটা অংশের দাবি, জামাইয়ের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্বে অজস্র ভুল হয়েছে। তার খেসারত দিতে হয়েছে দলকে। শাহিনের সমালোচনাও হয়েছে। সেই কারণেই আফ্রিদি সব দোষ নির্বাচকদের উপর চাপিয়ে দিলেন বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা দল নির্বাচনেও ভুল করেছেন বলে অভিযোগ আফ্রিদির। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “দলের খোলনলচে বদলাতে গিয়ে অনেক ভুল হয়েছে। টি-টোয়েন্টিতে ভাল খেলতে না পারলেও এক দিনের দলে খেলার যোগ্য বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে নেওয়া হয়নি। অথচ ওরা এই দলে খেলার যোগ্য। তার বদলে এমন কিছু তরুণকে নেওয়া হয়েছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতাও নেই। তারা সরাসরি পাকিস্তান দলে চলে আসছে। পাকিস্তানের জার্সি পরে খেলছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে। দলে নয়, নির্বাচক কমিটিতে বদল দরকার।”
পাকিস্তানের হয়ে শেষ এক দিনের সিরিজ়ে শতরান করেছিলেন বাবর আজ়ম। কিন্তু বিশ্বকাপে খারাপ খেলায় বাংলাদেশ সিরিজ়ের দলে জায়গা হয়নি তাঁর। জায়গা পাননি সাইম আয়ুবও। বদলে মাজ় সাদাকাত, শামিল হুসেন, ঘাজ়ি ঘোরি, সাহিবজ়াদা ফারহানদের খেলানো হয়েছে। তাঁরা মূলত টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেন। এই সিদ্ধান্ত ভুল হয়েছে বলে বোর্ড ও বোর্ডের নির্বাচকদের নিশানা করেছেন আফ্রিদি।