Advertisement
E-Paper

বিয়ে করলেন আকাশদীপ! আমন্ত্রণ পেলেন না ধোনি-কোহলি-রোহিত! কেন, স্পষ্ট জবাব বাংলার পেসারের

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আকাশদীপ। বিয়ে করলেন তিনি। আকাশদীপ বিহারের ছেলে হলেও বিয়ের অনুষ্ঠান হল বারাণসীতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:১৮
cricket

বিয়ের অনুষ্ঠানে অক্ষিতা ও আকাশদীপ। ছবি: এক্স।

আপাতত খেলা নেই। তাই এই সময়ই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আকাশদীপ। বিয়ে করলেন তিনি। অক্ষিতা রাজের সঙ্গে হল বিয়ে। আকাশদীপ বিহারের রোহতাসের ছেলে। কিন্তু বারাণসীতে হল বিয়ের অনুষ্ঠান। বিয়েতে আমন্ত্রণ পাননি মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা। কেন তাঁদের আমন্ত্রণ করেননি, তা-ও জানালেন বাংলার পেসার।

আকাশদীপের বিয়ে উপলক্ষে ভিড় জমেছিল। সেখানেই এক অতিথি তাঁকে জিজ্ঞাসা করেন, “ভাই, তুমি তোমার বিয়েতে ধোনি, কোহলি ও রোহিতকে কেন আমন্ত্রণ করোনি?” জবাবে আকাশদীপ হেসে বলেন, “তা হলে কি বারাণসীতে বিয়েটা সম্পূর্ণ হত?”

আকাশ বোঝাতে চেয়েছেন, তিন তারকা সেখানে গেলে তাঁদের দেখতে আরও বেশি ভিড় হত। তাতে হয়তো শেষ পর্যন্ত তাঁর বিয়েটাই পণ্ড হয়ে যেত। তাই তাঁদের সেখানে আমন্ত্রণ করেননি আকাশদীপ। তাঁর মা অবশ্য জানিয়েছেন, বাড়িতে আরও একটি অনুষ্ঠান হবে। সেখানে ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেককে দেখা যেতে পারে। পরে সতীর্থদের জন্য আলাদা করে রিসেপশন করতে পারেন বাংলার পেসার। সেখানে ধোনি, কোহলি বা রোহিতকে দেখা যাবে কি না, তা অবশ্য জানা যায়নি।

বিয়ের বেশ কিছু ভিডিয়ো ও ছবি সমাজমাধ্যমে দিয়েছেন আকাশদীপ। সেখানে দেখা যাচ্ছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে। বিয়েতে উপস্থিত ছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিংহ। সেই সব ছবি পোস্ট করে ক্যাপশনে আকাশদীপ লেখেন, “একসঙ্গে সবচেয়ে লম্বা ও সুন্দর ইনিংস খেলতে তৈরি। তোমাকে আমার সঙ্গী হিসাবে পেয়ে মনে হচ্ছে, প্রতিদিন আমি জিতব। এই জুটি সারা জীবনের।” অক্ষিতা দেহরির বাসিন্দা। জানা গিয়েছে, দুই পরিবারের যোগাযোগের মাধ্যমে এই বিয়ে হয়েছে।

ভারতের হয়ে ১০টি টেস্ট খেলেছেন আকাশদীপ। নিয়েছেন ২৮ উইকেট। ইংল্যান্ড সফরে নজর কেড়েছিলেন তিনি। বার্মিংহ্যামে তাঁর ১২ উইকেটের জেরে টেস্ট জিতেছিল ভারত। কিন্তু তার পর চোটের কারণে ভারতীয় দলে জায়গা হারান তিনি।

আইপিএলে এ বার আকাশদীপকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলের আগে চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। আকাশদীপকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে কেকেআর। এখনও পুরো সুস্থ নন আকাশদীপ। তাই আপাতত ভারতের হয়ে কোনও ফরম্যাটেই দেখা যাচ্ছে না তাঁকে। জাতীয় দলে জায়গা পেতে হলে আবার হয়তো ঘরোয়া ক্রিকেটে ভাল খেলতে হবে তাঁকে। তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করে দিলেন আকাশদীপ।

Akash Deep India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy