কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। মাত্র ন’রানের জন্য হেরে যায় তারা। সেই ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তোষ নানা মহলে। সেই ম্যাচে ব্যাট করতে নামার আগে যষ্টিকা ভাটিয়ার কাণ্ড দেখে হারের মুখে দাঁড়িয়েও হেসে ফেলে ভারতীয় দল।
যষ্টিকা যখন ব্যাট করতে নামেন, তখন ১১ বলে ১৭ রান বাকি ছিল ভারতের। তিনি নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন বাউন্ডারিতে। মাঠে ঢুকতে গিয়ে তাঁর পড়ে যাওয়া দেখে না হেসে থাকতে পারেননি হরমনপ্রীত কৌররা। ব্যাট, প্যাড, হেলমেট পরে মাঠে ঢুকতে গিয়ে বিজ্ঞাপনের কোণে পা আটকে যায় যষ্টিকার। তাতেই পড়ে যান তিনি। চোট লাগেনি। নিজেই উঠে দৌড়ে মাঠে ঢুকে যান। যদিও ম্যাচ জেতাতে পারেননি তিনি। পাঁচ বল খেলে দু’রান করে আউট হন যষ্টিকা।
Thats the summary of today's match #INDvsAUS pic.twitter.com/ENSYvpGKIq
— Darshan S. Bhosale (@DarshanBhosale2) August 7, 2022
ফাইনাল ম্যাচে যদিও যষ্টিকার খেলার কথাই ছিল না। তানিয়া ভাটিয়ার বদলে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন যষ্টিকা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৬১ রান করে। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫২ রানে। ভারতের হয়ে হরমনপ্রীত করেন ৬৫ রান। জেমাইমা রদরিগেজ ৩৩ রান করেন। আর কোনও ব্যাটার ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি।