আভাস পাওয়া গিয়েছিল আগে। সেই মতো আগামী বিগ ব্যাশ লিগের (বিবিএল) উদ্বোধনী ম্যাচ হতে পারে ভারতের মাটিতে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হতে পারে ম্যাচটি। এমনই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সরকারি ভাবে ঘোষণা হয়নি।
বিবিএলের ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের প্রথম থেকেই পছন্দ ছিল চেন্নাই। কয়েক বার তাঁরা চিদাম্বরম স্টেডিয়ামের পরিকাঠামো দেখে গিয়েছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ু ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের সঙ্গে কথা বলার পর চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার কর্তারা।
সোমবার স্টেডিয়ামে বসে আইপিএলের চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কয়েক জন কর্তা। তাঁদের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। সব কিছু দেখে খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। দু’দেশের বোর্ডের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি বলেছেন, ‘‘আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। আমরা শুধু দু’দেশের ক্রিকেট সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখেছি। এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়। বিসিসিআইয়ের দায়িত্বে থাকা আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা চলছে।’’
আরও পড়ুন:
অন্য একটি বিষয় ভাবাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের। ডিসেম্বরে চেন্নাইয়ে ভাল বৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত কতটা সঠিক হবে, তা নিয়ে কিছুটা সন্দিহান তাঁরা। এ ছাড়া অস্ট্রেলিয়ার কোনও শহর থেকে চেন্নাইয়ে সরাসরি বিমানও নেই।