Advertisement
E-Paper

আইপিএলে প্রথম বার ধোনি-রায়না-জাডেজাহীন চেন্নাই, মুখ থুবড়ে পড়ল ব‍্যাটিং, ব‍্যর্থ বিশ্বকাপের নায়ক সঞ্জু

আইপিএলের শুরু থেকে চেন্নাই সুপার কিংস এমন কোনও ম্যাচ খেলেনি, যার প্রথম একাদশে মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা বা সুরেশ রায়না ছিলেন না। সোমবার প্রথম এমন ঘটনা ঘটল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২১:২১
picture of cricket

(বাঁ দিক থেকে) মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা এবং সুরেশ রায়না। —ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংস খেলছে। অথচ প্রথম একাদশে নেই মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা এবং সুরেশ রায়না। আইপিএলের ইতিহাসে এমন ঘটল প্রথম বার। প্রভাব পড়ল মাঠের পারফরম্যান্সেও। গুয়াহাটির ২২ গজে চেন্নাইকে অচেনা দেখাল সোমবার।

আইপিএলের শুরুটা ভাল হল না পাঁচ বারের চ্যাম্পিয়নদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটির ২২ গজে ব্যাটিং বিপর্যয় হল রুতুরাজ গায়কোয়াড়ের দলের। ব্যর্থ হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই নায়ক সঞ্জু স্যামসন এবং শিবম দুবেও। শেষ পর্যন্ত চেন্নাই করল ১৯.৪ ওভারে ১২৭ রান।

প্রথম ম্যাচে চেনা গেল না চেন্নাইকে। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সিএসকের ক্রিকেটারেরা। একটিও প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারলেন না তাঁরা। দ্বিতীয় ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে রাজস্থানের বিরুদ্ধে কোণঠাসা চেন্নাই।

প্রথম ওভার থেকেই সাবধানী দেখিয়েছে চেন্নাইয়ের ব্যাটারদের। রাজস্থানের জোরে বোলারদের সুইং সামলাতে সমস্যায় পড়েছেন সঞ্জু, রুতুরাজেরা। দ্বিতীয় ওভারে সঞ্জুকে (৬) বোল্ড করে প্রথম ধাক্কা দেন নান্দ্রে বার্গার। তৃতীয় ওভারে রুতুরাজকে (৬) ফিরিয়ে দেন জফ্রা আর্চার। পর পর ফিরে যান আয়ুষ মাত্রেও (০)। ১৯ রানে ৩ উইকেট হারানোর চাপ আর সামলাতে পারেনি চেন্নাই। ভরসা দিতে পারেননি ম্যাথু শর্ট (২)। সরফরাজ় খান (১৭) এবং কার্তিক শর্মা (১৮) কিছুটা চেষ্টা করলেও জুটি তৈরি করতে পারেননি।

প্রথম বলে ছয় মেরে শুরু করলেও ব্যর্থ শিবম দুবেও (৬)। হতাশ করলেন নুর আহমেদও (১)। চাপের মুখে কিছুটা লড়াই করলেন জেমি ওভারটন। চেন্নাই ১০০ পার করল তাঁর জন্যই। যদিও সতীর্থদের থেকে তেমন সাহায্য পেলেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। শেষে ২২ গজের এক দিক আগলে কিছুটা ভরসা দিলেন অনশুল কম্বোজ। ওভারটন শেষ পর্যন্ত করলেন ৩৬ বলে ৪৩ রান। মারলেন ২টি চার এবং ২টি ছয়। কম্বোজ অপরাজিত থাকলেন ৭ রানে।

রাজস্থানের আর্চার ১৯ রানে ২ উইকেট নিলেন। ২৭ রানে ২ উইকেট বার্গারের। পুরনো দলের বিরুদ্ধে জাডেজা ২ উইকেট নিলেন ১৮ রানের বিনিময়ে। ব্রিজেশ শর্মা, রবি বিশ্নোই, সন্দীপ শর্মা ১টি করে উইকেট নিলেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোটের জন্য খেলেননি ধোনি। আইপিএলের প্রথম দু’সপ্তাহ তাঁর খেলার সম্ভাবনা নেই। জাডেজাকে এ বার দলে রাখেননি চেন্নাই কর্তৃপক্ষ। আর রায়না ২০২২ সালে অবসর নিয়েছেন। রায়না অবসর নেওয়ার পরও চেন্নাই এমন কোনও ম্যাচ খেলেনি, যে ম্যাচের প্রথম একাদশে ধোনি বা জাডেজা ছিলেন না।

আইপিএলের প্রথম থেকে সিএসকের শক্তি ছিলেন ধোনি, জাডেজা এবং রায়না। এই তিন জনকে ছাড়া চেন্নাইয়ের কথা ভাবাই যেত না এক সময়। হালুদ জার্সি গায়ে তিন জনই বহু ম্যাচ জিতিয়েছেন। কোনও কোনও সময় একক দক্ষতায় দলকে উতরে দিয়েছেন।

জাডেজা অবশ্য এ দিন মাঠে ছিলেন। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। এ বার নিলামের আগেই জাডেজার সঙ্গে সঞ্জু স্যামসনকে বদলাবদলি করে নিয়েছিলেন চেন্নাই কর্তৃপক্ষ। সব মিলিয়ে ১৯তম আইপিএলের প্রথম ম্যাচেই অচেনা সিএসকে।

CSK Rajasthan Royals MS Dhoni Ravindra Jadeja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy