Advertisement
E-Paper

শুধু হুঁকো সেজে দেওয়ার জন্য হোটেলে এক জন কর্মী রাখেন ধোনি! মাহির নেশার কথা ফাঁস করলেন চেন্নাইয়ের প্রাক্তন বিদেশি সতীর্থ

ইরফান পাঠান, মনোজ তিওয়ারির মতো প্রাক্তন ক্রিকেটার অতীতে মহেন্দ্র সিংহ ধোনির হুঁকোর নেশার কথা বলেছেন। এ বার চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলা এক বিদেশি ক্রিকেটার সেই বিতর্ক উস্কে দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৩৫
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি হুঁকো খান। অতীতে ইরফান পাঠান, মনোজ তিওয়ারির মতো ক্রিকেটার ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসে খেলা এক বিদেশি ক্রিকেটারও এ বার একই অভিযোগ করলেন। তাঁর বক্তব্য, শুধু ধোনির হুঁকো সেজে দেওয়ার জন্যই হোটেলে এক জন কর্মী নির্দিষ্ট থাকেন।

২০১৮ এবং ২০১৯ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম বিলিংস। তিনি জানিয়েছেন, হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য হোটেলের এক জন কর্মীকে নিজের ঘরে নিয়োগ করতেন ধোনি। এক সাক্ষাৎকারে বিলিংস বলেছেন, ‘‘আইপিএল খেলতে গিয়ে দেখেছি, হোটেলে ধোনির ঘরে একজন সীসা ম্যান (হুঁকো সাজিয়ে দেওয়ার লোক) থাকত। সে সীসার (কাচের পাত্র) দেখভাল করত। তার একমাত্র কাজই ছিল সীসার দেখাশোনা করা।’’ বিলিংস অবশ্য জানিয়েছেন, ধোনি কাউকে হুঁকো খাওয়ার জন্য জোর করতেন না।

তামাকের নেশা থাকলেও ব্যক্তি ধোনির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ইংরেজ ক্রিকেটারের। বিলিংস বলেছেন, ‘‘ধোনি সম্পর্কে কী বলি। শুধু নেতৃত্ব এবং ব্যক্তিত্বের জন্যই ধোনি আলাদা। দুর্দান্ত। অসম্ভব শান্ত। নিঃসন্দেহে একজন দারুণ মানুষ। আজকাল এত ভাল মানুষ খুব বেশি দেখতে পাওয়া যায় না। এত বড় মাপের ক্রিকেটার, এত বড় তারকা হওয়ার পরও আমার মতোই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একজন সাধারণ সমর্থক। আমরা একসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সব খেলা দেখতাম।’’

বিলিংস আরও বলেছেন, ‘‘জনপ্রিয়তার জন্য ধোনি হোটেলের বাইরে যেতে পারে না। এমনকি হোটেলের পাবে গিয়েও বসতে পারে না। খেলা আর অনুশীলন ছাড়া হোটেলের ঘরেই থাকতে হয়। সতীর্থ বা নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘরেই আড্ডা মারে। ধোনির ঘরের দরজা বন্ধু-সতীর্থদের জন্য সব সময় খোলা থাকে।’’ উল্লেখ্য, হুঁকো ভারতে নিষিদ্ধ নয়। বিভিন্ন অনুষ্ঠানে হুঁকোর ব্যবহার পরিচিত। কোনও কোনও মহলে জনপ্রিয়ও। যদিও হুঁকো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এ বারও চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি। তার আগে বিলিংসের বক্তব্য নতুন করে বিতর্কে জড়াতে পারে দু’টি বিশ্বকাপ জেতা ভারতের প্রাক্তন অধিনায়ককে।

MS Dhoni Sam Billings CSK Hookah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy