গত দু’বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তবু সন্তুষ্ট নন ভারতীয় ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আগেই পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন তাঁরা! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন অর্শদীপ সিংহ।
এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসাবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসাবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসাবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একের পর এক ট্রফি ভারতীয় দলের সাফল্যের খিদে বাড়িয়ে দিয়েছে।
দলের পরের লক্ষ্য নিয়ে অর্শদীপ বলেছেন, ‘‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাপ পর আমি, হার্দিক ভাই (পাণ্ড্য) এবং দলের কয়েক জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম, পরের ১০ বছরে অন্তত পাঁচটা আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা কঠিন নয়। ঠিক মতো পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই আমরা একটি পদ্ধতি মেনে চলার চেষ্টা করছি। নিজেদের পারম্যান্স আরও ভাল করার চেষ্টা করছি।’’ অর্শদীপ বুঝিয়ে দিয়েছেন, তাঁরা থামতে চান না। আরও অন্তত তিনটি আইসিসি ট্রফি জিততে বদ্ধপরিকর তাঁরা।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল জোরে বোলিংয়ের ক্ষেত্রে মূলত তাঁর এবং জসপ্রীত বুমরাহের উপর ভরসা রেখেছিল। বুমরাহের সঙ্গে জুটিতে বল করার অভিজ্ঞতা কেমন? অর্শদীপ বলেছেন, ‘‘বুমরাহ ভাইয়ের সঙ্গে বল করতে খুব ভাল লাগে। মজা হয়। ওর কাছে ক্রিকেট ব্যাপারটা খুব সহজ। দেখলে মনে হয় কম্পিউটারে ক্রিকেট খেলছে! অসাধারণ পদ্ধতি অনুসরণ করে বুমরাহ ভাই। অসম্ভব পরিশ্রম করতে পারে। আমাদের সকলকেও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করে।’’