পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে ‘দ্য হান্ড্রেড’-এর দলে নিয়ে বিতর্কে সানরাইজার্স লিডস কর্তৃপক্ষ। কাব্য মারানের দলে পাক স্পিনারের যোগদান ভাল ভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। সমাজমাধ্যমে সানরাইজার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার কথাও বলেছেন অনেকে। বিতর্ক বাড়ায় সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে।
বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে আবরারকে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকায় কিনেছে সানরাইজার্স লিডস। দলে পাওয়ার পর সমাজমাধ্যমে আবরারের জার্সি পরা ছবিও পোস্ট করা হয়। তার পরই শুরু হয়েছে বিতর্ক। কাব্যের সংস্থার বিরুদ্ধে জাতীয় আবেগ বিরোধী পদক্ষেপের অভিযোগ উঠেছে। ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানের দু’জন ক্রিকেটার দল পেয়েছেন। আবরারকে নিয়েছেন সানরাইজার্স কর্তৃপক্ষ । এ ছাড়া উসমান তারিককে নিয়েছে বার্মিংহ্যাম ফোনিক্স। বিতর্ক তৈরি হওয়ার পর সানরাইজার্স লিডসের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট নিলম্বিত করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে অবশ্য কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, বহু ক্রিকেটপ্রেমী রিপোর্ট করায় অ্যাকাউন্টটি নিলম্বিত করা হয়েছে।
২০০৯ সাল থেকে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের মালিকানাধীন দলগুলিতেও পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। ‘দ্য হান্ড্রেড’-এও তেমন হওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি আঁচ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই দলগুলিকে সতর্ক করেছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে কোনও নির্দিষ্ট দেশের ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।
‘দ্য হান্ড্রেড’-এ ভারতীয় মলিকানাধীন চারটি দল রয়েছে। এগুলি হল ম্যাঞ্চস্টার সুপার জায়ান্টস (সঞ্জীব গোয়েন্কার আরপিজি গ্রুপের ৭০ শতাংশ মালিকানা), এমআই লন্ডন (মুকেশ অম্বানীর রিলায়্যান্সের ৪৯ শতাংশ মালিকানা), সাদার্ন ব্রেভ (গ্রান্ধি কিরণ কুমারদের জিএমআর গ্রুপের ৪৯ শতাংশ মালিকানা), সানরাইজার্স লিডস (কলানিথি মারানের সান গ্রুপের ১০০ শতাংশ মালিকানা)।
বৃহস্পতিবারের নিলামে সানরাইজার্স কর্তৃপক্ষ ছাড়া ভারতীয়দের মালিকানাধীন আর কোনও দল পাক ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি। অথচ শুধু তাঁদের হাতেই দলের সম্পূর্ণ মালিকানা রয়েছে। সম্ভবত সে কারণেই বিতর্ক আরও তীব্র হয়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ সান গোষ্ঠীর সিদ্ধান্ত মানতে পারছেন না। কেউ কেউ আবার আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার কথাও বলেছেন। তাঁদের প্রশ্ন, আরও ক্রিকেটার থাকতেও কেন আবরারকে নিতে হল? নিলামে কাব্য নিজে উপস্থিত থাকায় তাঁকেও সমাজমাধ্যমে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে।