ভারতের বিরুদ্ধে টেস্ট এবং তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। এক মাত্র টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার রশিদ খান। তবে শুভমন গিলের দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলবেন তাঁর গুজরাত টাইটান্সের সতীর্থ।
টেস্ট এবং এক দিনের ক্রিকেটের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন আফগান নির্বাচকেরা। দু’টি দলকেই নেতৃত্ব দেবেন হাশমতুল্লা শাহিদি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর রশিদ ভারতের বিরুদ্ধে টেস্ট না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। কারণ হিসাবে জানিয়ে ছিলেন, চিকিৎসকেরা তাঁকে পাঁচ দিনের ক্রিকেটের ধকল নিতে বারন করেছেন। পিঠের চোটের কারণেই তিনি আপাতত লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এক দিনের দলে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিকেও। দলে ফেরানো হয়েছে ওপেনার ইব্রাহিম জ়াদরানকেও। দু’দলের জন্যই তিন জন করে ক্রিকেটারকে রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। ভারত-আফগানিস্তান একমাত্র টেস্টটি হবে নিউ চণ্ডীগড়ে, ৬ থেকে ১০ জুন। তিনটি এক দিনের ম্যাচ হবে ১৪, ১৭ এবং ২০ জুন। এই ম্যাচগুলি হবে যথাক্রমে ধরমশালা, লখনউ এবং চেন্নাইয়ে।
আফগানিস্তানের টেস্ট দল: হাশমতুল্লা শাহিদি (অধিনায়ক), আব্দুল মালিক, সিদ্দিকুল্লা অটল, রহমত শাহ, রহমানুল্লা গুরবাজ়, রহমানুল্লা জ়াদরান, আফসার জ়াজ়াই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজ়মতুল্লা ওমরজ়াই, শরাফুদিন আশরাফ, নাঙ্গিয়াল খারোতাই, কায়েস আহমদ, বিলাল সামি, জ়িয়া শরিফি এবং সেলিম শফি। রিজার্ভ: বশির আহমেদ, বহির শাহ এবং ইসমত আলম।
আরও পড়ুন:
আফগানিস্তানের এক দিনের দল: হাশমতুল্লা শাহিদি (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ় (উইকেটরক্ষক), ইব্রাহিম জ়াদরান, সিদ্দিকুল্লা অটল, দারউইশ রসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, আজ়মতুল্লা ওমরজ়াই, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতাই, এএম গজ়নফর, জ়িয়া উর রহমান শরিফি, ফারিদ মালিক এবং বিলাল সামি। রিজার্ভ: কাসিম আহমেদ, সালিম সফি, বশির আহমেদ।