পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিরতিতে দেশে ফিরে আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন ডেভিড ওয়ার্নার। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। সিডনির রাস্তায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন ওয়ার্নার। পিএসএলের দল করাচি কিংসের অধিনায়ক তিনি।
পিএসএলে করাচির পরের খেলা ৯ এপ্রিল। তার আগে পাকিস্তানে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ওয়ার্নারের। আইনি সমস্যায় জড়িয়ে পড়ায় তাঁর পাকিস্তানে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
পিএসএলে পাঁচ দিনের বিরতিতে ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন গুডফ্রাইডের ছুটি কাটাতে। গত রবিবার ‘ইস্টার সানডে’র রাতে পুলিশ তাঁর গাড়ি থামিয়ে পরীক্ষা করে। ওয়ার্নারের নিঃশ্বাস পরীক্ষা করা হয়। তাতে অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। তখনই ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার তাঁর নিঃশ্বাস পরীক্ষা হয়। তাতেও অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। এর পর তাঁকে গ্রেফতার করা হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের লাইসেন্স বাতিল হতে পারে। জামিনে মুক্তি দেওয়া হলেও তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ মে ওয়ার্নারকে আদালতে হাজির করানো হবে।
আরও পড়ুন:
ওয়ার্নার কি এই পরিস্থিতিতে পিএসএল খেলতে পারবেন? অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়ার্নার যে ধারায় গ্রেফতার হয়েছেন, তাতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি দেশ ছাড়তে পারবেন। পাসপোর্টও জমা রাখতে হবে না। আদালতে হাজিরা দেবেন, এই শর্তে জামিন পেয়েছেন। তাই পিএসএলে করাচিকে নেতৃত্ব দিতে তাঁর সমস্যা হবে না।