বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ঘাড়েই আপাতত দেশের ক্রিকেটের দায়িত্ব। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে। বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ১১ জনের অ্যাডহক কমিটিকে। সেই কমিটির প্রধান করা হয়েছে তামিমকে।
এনএসসির ডিরেক্টর আমিনুল এহসান বলেছেন, ‘‘তামিমের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ তিন মাস। এই সময়ের মধ্যে নতুন করে বিসিবির নির্বাচন হবে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) জানানো হয়েছে।’’ অ্যাডহক কমিটির সদস্যেরা নির্বাচন আয়োজন করতে পারবেন কি না, এই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করেননি এহসান। এনএসসির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে আইসিসি কোনও শাস্তি দেবে না বলেও আশ্বাস দিয়েছেন এহসান।
অ্যাডহক কমিটিতে তামিমের নেতৃত্বে কাজ করবেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতহার আলি খান, তানজিল চৌধুরী, সলমন ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। কমিটির চার জন বাংলাদেশের শাসক দলের নেতাদের স্ত্রী বা সন্তান। এ ছাড়া তানজিল, ইস্পাহানি, রফিকুল এবং ফাহিম অতীতে বিসিবির পরিচালন পর্ষদের সদস্য ছিলেন।
আরও পড়ুন:
বিসিবির গত নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছিল। নির্বাচনের পর তারেক রহমানের সরকার আসার পর বাংলাদেশের বেশি কিছু ক্রিকেট ক্লাব বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন এবং আপত্তি তোলে। সেইমতো এনএসসি বিসিবির নির্বাচন পদ্ধতি নিয়ে তদন্ত শুরু করেছিল। সম্ভবত সে কারণেই বিসিবির পরিচালন পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি তৈরি করল এনএসসি।