ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তাঁর দাবি, এত বছর ধারাভাষ্য দেওয়া সত্ত্বেও গায়ের রঙের কারণেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেওয়া হয়নি। বোর্ডকে তোপ দেগেই ধারাভাষ্য ছেড়ে দিলেন তিনি।
শুক্রবার শিবরামকৃষ্ণন সমাজমাধ্যমের একটি পোস্টে লেখেন, “আমি ধারাভাষ্য থেকে অবসর নিচ্ছি।” তখন অনেকেই কৌতূহলী হয়ে সিদ্ধান্তের কারণ জানতে চান। শিবরামকৃষ্ণন তখনই কিছু বলেননি। তিনি আরও লেখেন, “২৩ বছর ধরে ধারাভাষ্য দেওয়ার পরেও টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পাইনি। (রবি) শাস্ত্রী কোচ হওয়ার সময় থেকেই নতুনরা এসে পিচ রিপোর্ট, টস, পুরস্কার বিতরণী থেকে সব কিছুই করছে। তা হলে কী কারণ হতে পারে বলে আপনারা মনে করেন?”
তখনই এক ব্যক্তি জানতে চান গায়ের রঙের কারণে তাঁর প্রতি বৈষম্য করা হয়েছে কি না? শিবরামকৃষ্ণন বলেন, “আপনি একদমই ঠিক। রঙের কারণে বৈষম্য।” তিনি আরও লেখেন, “এই অবসর একটা গল্পের শুরু যা প্রকাশ্যে এলে সাধারণ মানুষ, ক্রিকেট সমর্থক থেকে সকলে চমকে যাবেন। যাঁরা আমাকে ঘৃণা করতেন তাঁরা শান্তি পেয়েছেন দেখে খুব ভাল লাগছে। যাঁরা মনে করেছেন আমি ভদ্র, তাঁদের ধন্যবাদ। বিসিসিআই এ সব বিশ্বাসই করতে পারবে না।” বোর্ডের তরফে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
১৯৮৩-এর এপ্রিলে শিবরামকৃষ্ণন নজির গড়েন। ১৭ বছর ১১৮ দিনে টেস্ট অভিষেক হয়। তরুণতম অভিষেককারী হন তিনি। দেশের হয়ে ৯টি টেস্ট এবং ১৬টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। লাল বলের ক্রিকেটে ২৬টি উইকেট পেয়েছেন। তার মধ্যে ১৫ জন আলাদা ব্যাটারকে আউট করেছেন। ১৯৮৫-তে বেনসন অ্যান্ড হেজেস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিবরামকৃষ্ণন। পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।