Advertisement
E-Paper

ব্যাটিং বিপর্যয় দক্ষিণ আফ্রিকার, তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় নিউ জ়িল্যান্ডের, সিরিজ়ে এগিয়ে গেল বিশ্বকাপ রানার্সেরা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল নিউ জ়িল্যান্ড। তার পর টানা দু’ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:২৮
picture of cricket

টম লাথাম। ছবি: এক্স।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউ জ়িল্যান্ড। শুক্রবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারালেন মিচেল স্যান্টনারেরা। প্রথমে ব্যাট করে কেশব মহারাজের দল করে ৯ উইকেটে ১৩৬। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেটে ১৩৭ রান করে নিউ জ়িল্যান্ড।

অকল্যান্ডের ২২ গজে প্রথমে ব্যাট করে বিশেষ সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি’জ়র্জ়ি (১৫), উইয়ান মুলডার (০), কনর এস্টারহুজ়েন (১৫), জেসন স্মিথ (১০), রুবিন হার্মানেরা (৪) দ্রুত আউট হয়ে যান। এর পর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ডিয়ান ফরেস্টার এবং জর্জ লিন্ডে। ফরেস্টার করেন ১৫ বলে ১৭। লিন্ডের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। শেষ দিকে এনকোবানি মোকোয়েনা ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে কিছুটা ভাল জায়গায় পৌঁছে দেন।

নিউ জ়িল্যান্ডের স্যান্টনার ২১ রানে ২ উইকেট নিয়েছেন। তিনিই দলের সফলতম বোলার। ২৭ রানে ২ উইকেট নেন বেন সিয়র্স। ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, কোল ম্যাককঞ্চি এবং জেমস নিশাম।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন সমস্যায় পড়েননি নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। ভাল শুরু করেন নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। কনওয়ে ২৬ বলে ৩৯ রান করেন ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে। লাথাম ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। তাঁর ৫৫ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ৭টি চার এবং ২টি ছয়। তিন নম্বরে নেমে টিম রবিনসন করেন ১৭ বলে ১৭।

দক্ষিণ আফ্রিকার লুথো সিপামলা ২৬ রানে ১ উইকেট নিয়েছেন। এ ছাড়া মহারাজের ১ উইকেট ৩০ রানে। সিরিজ়ের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তার পর টানা দু’ম্যাচ জিতে এগিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সেরা।

T20I Tom Latham
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy