Advertisement
E-Paper

গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে! আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সুমিত

সুমিতের খোঁজ করতে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১২:২৪
(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। একই দিনে আগাম জামিনের আর্জিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে এ বার সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেদিনীপুরের আদালতের বিচারক।

সুমিতের খোঁজ করতে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই অভিষেকের বাড়িতে শনিবার হানা দেয় শালবনি থানার পুলিশ। যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি। ওই একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও চলে পুলিশি অভিযান। সেখানেও তাঁর হদিস মেলেনি। এমতাবস্থায় সুমিতের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

শালবনি থানার একটি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ।সূত্রের খবর, কিছু আগে জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময়ে সুমিতের নাম উঠে আসে। সুজয়ের পুলিশি হেফাজতের মেয়াদও ফুরোচ্ছে সোমবার। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ককে এ দিন ফের আদালতে হাজির করানো হবে।

প্রাক্তন বিধায়কককে আদালতে হাজির করানো প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ আসবে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। সুজয় হাজরাকে আদালতে তোলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নামেও অভিযোগ হয়েছে। অভিযোগ হলেই পুলিশ তদন্ত করবে। জিজ্ঞাসাবাদ করা দরকার। সরকারি জমি, রেলের জমি, বিক্রি হয়েছে দশ বছরে। তদন্ত তো হবেই।”

জমি দুর্নীতির মামলায় ধৃত সুজয়কে এর আগে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল মেদিনীপুরের আদালত।

উল্লেখ্য, সুমিতের খোঁজে গত শনিবার ভোর ৩টের সময়ে অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। খবর পেয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। পরে সকাল ৮টার পর পুলিশ অভিষেকের বাড়ি থেকে বেরোয়। অভিষেক তখন বেরিয়ে বলেন, ‘‘তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি ওরা সার্চ করেছে। সব রেকর্ড রয়েছে।’’

Abhishek Banerjee Salboni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy