Advertisement
E-Paper

পরীক্ষার্থী প্রায় ২২ লক্ষ, অ্যাডমিট হাতে পেলেন মাত্র ৪ লক্ষ! সার্ভার সমস্যায় জর্জরিত নিট ইউজি

নিট ইউজি-র পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। সার্ভার সমস্যার দায় স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিল এনটিএ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৩:১৩

ছবি: সংগৃহীত।

পরীক্ষার ছ’দিনও বাকি নেই। অথচ অনেকেই এখনও হাতে পাননি অ্যাডমিট কার্ড। নিট পুনঃপরীক্ষার আয়োজন ঘিরে ফের বিতর্কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ২১ জুনের পরীক্ষার আগে এখনও পর্যন্ত ১ লক্ষ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন। এই তথ্যই আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে খোদ এনটিএ।

প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসতে চলেছেন, লক্ষ্য চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করা। তাঁদের মধ্যে মাত্র ৪ লক্ষ পরীক্ষার্থী কেন অ্যাডমিট কার্ড পেলেন? বাকিরা কেন পাচ্ছেন না?

প্রশ্নের জবাবে সংস্থার তরফে এক্স হ্যান্ডল মারফত জানানো হয়েছে, পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ চলছে। সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় ওয়েবসাইট-এ সমস্যা দেখা দিয়েছে। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি অনেকেই, স্বীকার করেছে এনটিএ।

কবে সমস্যার সমাধান হবে? পরীক্ষার্থীদের স্বার্থে দ্রুতই পোর্টালের সার্ভার মসৃণ হতে চলেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সহজেই। উল্লেখ্য, ১৪ জুন থেকে অ্য়াডমিট কার্ড সংগ্রহ করে নেওয়া যাবে, তা ঘোষণা করেছিল এনটিএ।

২১ জুনের পুনঃপরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার পাশাপাশি নানা প্রশাসনিক কাজের জন্য এই অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে। ওই দিন পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ডের ছাপানো সংস্করণ এবং সচিত্র পরিচয়পত্রের নথি নিয়ে যেতে হবে।

উল্লিখিত নথি ছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আধাসেনা। প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব বায়ুসেনাকে দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগেই দেওয়া হয়েছে সিটি ইন্টেমেশন স্লিপ। পাশাপাশি, ওড়িশা, পঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড সরকারের তরফে বিনামূল্যে বাস পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছে। ভিন্‌ রাজ্য থেকে কেউ পরীক্ষা দিতে এলেও এই বাস পরিষেবা পাবেন। সে জন্য পরীক্ষার্থীকে তাঁর অ্যাডমিট কার্ডটি দেখাতে হবে।

NEET UG 2026 National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy