Advertisement
E-Paper

পাকিস্তানের অনুষ্ঠানে কেন হাজির হয়েছিলেন? নিশানা গাওস্করকে, পাল্টা সুনীল, ‘ওদের কাছ থেকে তো টাকা নিইনি’

গত বছর এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুনীল গাওস্কর। তার জন্য এখন নিশানা করা হচ্ছে তাঁকে। তার জবাবও দিয়েছেন গাওস্কর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১০:৪২
cricket

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

সানরাইজ়ার্স ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে কেনায় ক্ষুব্ধ তিনি। রাখঢাক না করে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, ওই টাকায় বন্দুক কিনে তাতে ভারতীয়দেরই মারা হবে। অথচ গত বছর এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের একটি অনুষ্ঠানে নিজেই হাজির হয়েছিলেন সুনীল গাওস্কর। তার জন্য এখন নিশানা করা হচ্ছে তাঁকে। তার জবাবও দিয়েছেন গাওস্কর।

সমাজমাধ্যমে নিশানা করা হচ্ছে গাওস্করকে। যিনি পাক স্পিনারকে কেনায় সানরাইজ়ার্সকে তুলোধনা করছেন, তিনি নিজে কোন আক্কেলে পাকিস্তানের অনুষ্ঠানে গিয়েছিলেন, এমনটাই প্রশ্ন সকলের। তার জবাবে ‘মুম্বই মিরর’-কে গাওস্কর বলেন, “আমি আইসিসি ও এশীয় ক্রিকেট কাউন্সিলের ধারাভাষ্যের দলে রয়েছি। ওরা যে অনুষ্ঠানে যেতে বলবে, আমাকে যেতে হবে। আইসিসি ও এশিয়া কাউন্সিলের লভ্যাংশ প্রত্যেকটা দেশ পায়। আমি তো ওদের (পাকিস্তানের) কাছ থেকে টাকা নিইনি। কাউকে টাকাও দিইনি। অকারণে আমাকে নিশানা করা হচ্ছে।”

আরও এক বার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন গাওস্কর। তাঁর মতে, পাকিস্তানের কোনও ক্রিকেটারকে যেন ভারতীয় মালিকেরা টাকা না দেন। তিনি বলেন, “আমি অন্য খেলার কথা বলতে পারব না। আমি একটাই কথা বলছি। ক্রিকেটে ভারতীয় মালিকেরা যেন পাকিস্তানের কাউকে টাকা না দেন। দশকের পর দশক ধরে এই উল্টো ছবি তো দেখা যায় না। তা হলে আমরা কেন ওদের টাকা দেব।”

এর আগে নিজের কলমে সানরাইজ়ার্সকে নিশানা করেছিলেন গাওস্কর। তিনি লিখেছিলেন, “দ্য হান্ড্রেড লিগে ভারতীয় মালিকের পাকিস্তানের ক্রিকেটার কেনার সিদ্ধান্ত অবাক করছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতীয় দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের দিকে তাকায়নি। সকলে বুঝেছে, পাকিস্তানের ক্রিকেটারদের যে টাকা দেওয়া হবে, সেখান থেকে নিজেদের দেশে কর দেবে তারা। সেই করের টাকায় বন্দুক কেনা হবে। তাতে ভারতীয় সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হবে। অর্থাৎ, পাকিস্তানের ক্রিকেটারদের কিনলে পরোক্ষে নিজের দেশেরই ক্ষতি। সেটাই করেছে সানরাইজ়ার্স।”

গাওস্করের মতে, সানরাইজ়ার্সের কোচ ড্যানিয়েল ভেট্টরি বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও কাব্য মারানের তা বোঝা উচিত ছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “হতে পারে দলটা বিদেশের লিগের, কিন্তু মালিক তো ভারতীয়। পাকিস্তানের ক্রিকেটারকে টাকা দিলে ভারতীয়দের মৃত্যুতে পরোক্ষে দায়ী হবে তারা। কোচ ভেট্টরি নিউ জ়িল্যান্ডের। ওর বোঝা মুশকিল। কিন্তু মালিকের তো বোঝা উচিত ছিল। মালিকের উচিত ছিল ভেট্টরিকে বোঝানো যে, পাকিস্তানের ক্রিকেটারকে নেব না। দেশের সেনা ও সাধারণ মানুষের জীবনের থেকেও কি ট্রফি জেতা জরুরি?”

‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় আইপিএলের মালিকদের চারটি দল রয়েছে। এমআই লন্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদ) ও সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। নিলামের আগে শোনা গিয়েছিল, এই চার দলের কেউ পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কিনবে না। কিন্তু নিলামে আবরারকে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় কেনে সানরাইজ়ার্স। তার পরেই শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক আরও বাড়িয়ে দেন গাওস্কর। সরাসরি মালিককে নিশানা করেন তিনি।

Sunil Gavaskar India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy