কলকাতায় এসে গিয়েছেন ক্যামেরন গ্রিন। যোগ দিয়েছেন দলের সঙ্গে। এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসা তিনি। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কেকেআর, যা আইপিএলের ইতিহাসে কোনও বিদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দর। তবে তাঁর বেতন থেকে ২ কোটি টাকা কেটে নেওয়া উচিত বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে কেকেআরকে নিয়ে আলোচনা করতে গিয়ে গ্রিনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করেছেন অশ্বিন। তিনি বলেন, “ক্যামেরন গ্রিনকে নিয়ে একটা প্রশ্ন আছে। ওকে কি ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতি ম্যাচে চার ওভার বল করতে দেবে? অস্ট্রেলিয়া বোর্ড গ্রিনকে বলতে পারে, ‘তোমাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছি। কিন্তু টেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই চোট সামলে খেলতে হবে।’ বোর্ড যা বলবে গ্রিন সেটাই করবে। তা হলে তো নিজের সবটা কেকেআরের হয়ে দেবে না ও।”
অশ্বিনের মতে, নিলামে কোনও ক্রিকেটার কেনার ক্ষেত্রে প্রতিটি দলের একটি পরিকল্পনা থাকে। কিন্তু পরে যদি সেই ক্রিকেটার নিজের সবটা দিতে না পারেন, তা হলে টাকা কেটে নেওয়ার ক্ষমতা দলগুলিকে দেওয়া উচিত। অশ্বিন বলেন, “যদি গ্রিন দু’ওভারের বেশি বল না করে, তা হলে শাহরুখ খানদের ক্ষমতা দেওয়া উচিত টাকা কেটে নেওয়ার। ২৫ কোটি টাকা থেকে ২ কোটি কেটে নেওয়া হোক।”
এ বারের নিলামে গ্রিনকে আন্দ্রে রাসেলের বিকল্প হিসাবে কিনেছিল কেকেআর। এমন এক ক্রিকেটার, যিনি বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বলটাও করতে পারবেন। কিন্তু গ্রিনের ক্ষেত্রে তা না-ও হতে পারে। অশ্বিন বলেন, “শাহরুখ গ্রিনকে ২৫ কোটি টাকা দিয়ে কিনেছে। কিন্তু এখন জানা যাচ্ছে, এক ওভার বা ১০ বলের বেশি ও করতে পারবে না। তা হলে তো কেকেআরের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিপূরণ তো গ্রিনকে করতেই হবে। সেই ক্ষমতা দলগুলোকে দেওয়া উচিত।”
অশ্বিন যা-ই বলুন, গ্রিনকে অভিনব কায়দায় স্বাগত জানিয়েছে কেকেআর। একটি ভিডিয়ো দিয়েছে তারা। সেখানে দেখা যাচ্ছে, হাতে একটি হাতুড়ি নিয়ে লিফ্ট থেকে বার হচ্ছেন গ্রিন। সেই হাতুড়ি দিয়ে বার বার কাউকে আঘাত করছেন। তার পর হাতু ধুয়ে নিচ্ছেন। তাঁর মুখে খলনায়কদের মতো হাসি। ভিডিয়োর ক্যাপশনে কেকেআর লিখেছে, “সাবধান, অসি চলে এসেছে!”
এই ভিডিয়ো থেকে ইঙ্গিত, কেকেআর এ বার বিধ্বংসী ভূমিকায় দেখতে চাইছে গ্রিনকে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। কেকেআরের পেস আক্রমণের অবস্থা হাসপাতালের মতো। একের পর এক পেসার চোট পাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্রিনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
কলকাতায় এসে গ্রিন জানিয়েছেন, নতুন দলের হয়ে নামতে তিনি তৈরি। কেকেআরের একটি ভিডিয়োতে অসি অলরাউন্ডার বলেন, “খুব ভাল লাগছে। নিলামের পর অনেক দিন কেটে গিয়েছে। শেষ পর্যন্ত কলকাতায় এলাম। এ বার মাঠে নামতে মুখিয়ে রয়েছি।”
আইপিএলে নামার আগে সমর্থকদের একটিই বার্তা দিয়েছেন গ্রিন। তাঁর লক্ষ্য, আক্রমণাত্মক ক্রিকেট খেলা। গ্রিন বলেন, “সমর্থকদের একটাই বার্তা দিতে চাই। এ বার আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব। একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। দুটো দলই ২০০-র উপর রান করেছে। বোঝা যাচ্ছে, এ বার আমরা কী ধরনের ক্রিকেট খেলব। আশা করছি, আগামী দিনেও এই ফর্ম দেখা যাবে। করব, লড়ব, জিতব।”
কেকেআরে গ্রিনের কী ভূমিকা থাকবে, সে বিষয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানেও। তিনি বলেন, “গ্রিনের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ওর দায়িত্ব ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ও এমন এক ব্যাটার যাকে যে কোনও জায়গায় নামানো যায়। ও বলও করতে পারে। সামনে আমাদের আরও কয়েকটা প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে গ্রিনের ভূমিকা আরও স্পষ্ট হয়ে যাবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:০০
সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লেঅফের আশা উজ্জ্বল করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা -
১৭:৩৭
কর্নাটকের বিধায়কদের আবদারে ক্ষুব্ধ বোর্ড, আইপিএলের ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাতে পারেন কোহলিরা -
১২:৩২
আইপিএলে প্রথম উইকেট নিয়েই পকেট থেকে কাগজ বার করে দেখালেন ‘জয় শ্রীরাম’! চর্চায় মুম্বইয়ের নতুন বোলার -
‘সামনে বিয়ে নাকি’? টসের সময় সঞ্চালকের প্রশ্ন শুভমনকে, কী বললেন গুজরাতের অধিনায়ক?
-
টানা তিন ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে কেকেআর, কী ভাবে শেষ চারে জায়গা করে নিতে পারে শাহরুখ খানের দল?