টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় বিশ্বকাপে সম্ভবত খেলতে পারবেন না হর্ষিত রানা। অস্ত্রোপচার করাতে হতে পারে দিল্লির জোরে বোলারকে। তাঁর পরিবর্ত হিসাবে মহম্মদ সিরাজের নাম শোনা যাচ্ছে। যদিও হর্ষিতের ছিটকে যাওয়ার কথা এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।
গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক ওভারের বেশি বল করতে পারেননি হর্ষিত। দু’বার বল করার জন্য দৌড় শুরু করেও থেমে যেতে হয় তাঁকে। ডান পায়ে অস্বস্তি অনুভব করায় তাঁকে দিয়ে আর বল করানো হয়নি। পরে পরীক্ষা করে দেখা গিয়েছে হর্ষিতের ডান পায়ের হাঁটুতে চোট লেগেছে। রক্তক্ষরণ হচ্ছে। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা তাঁর পরিস্থিতি খতিয়ে দেখছেন। ভারতীয় দল সূত্রেরখবর, চিকিৎসকেরা খুব একটা আশাবাদী নন। তাঁরা মনে করছেন, অস্ত্রোপচার করাতে হতে পারে তাঁকে। তেমন হলে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারকে।
হর্ষিতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে শুক্রবার আশাবাদী শোনায়নি সূর্যকুমারকে। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘হর্ষিত এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। মেডিক্যাল টিম খতিয়ে দেখছে। তবে ওর অবস্থা ভাল বলে মনে হচ্ছে না।’’ সূর্য জানিয়েছেন, পরিবর্ত বোলারের ভাবনাও শুরু করেছেন তাঁরা। তিনি বলেছেন, ‘‘গত ১-২ বছরে কোন জোরে বোলারের কেমন পারফরম্যান্স, তা খতিয়ে দেখছি। যারা ব্যাটও করতে পারে তাদের কথাও ভাবা হচ্ছে। তবে আপনারা যদি ভাবেন ন’নম্বরে নেমে এক জনকে দারুণ ব্যাট করবে, তা হলে প্রথম আট জনের কাজ কী? আমরা সেরা খেলোয়াড়কেই দলে নেওয়ার কথা ভাবছি।’’
হর্ষিত শেষ পর্যন্ত খেলতে না পারলে কতটা ক্ষতি হবে? সূর্য বলেছেন, ‘‘দল তৈরি করা হয় এক রকম ভারসাম্যের কথা ভেবে। হর্ষিত সত্যিই খেলতে না পারলে আমাদের অন্য রকম ভারসাম্যের কথা ভাবতে হবে। আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। ও খেলতে না পারলে, আমরা অবশ্যই ওর অভাব অনুভব করব। আমরা এমন এক জন বোলারকে নিতে চাইব, যে ব্যাট করতে পারে। তবে সেটা গুরুত্বপূর্ণ নয়। অনেককেই রয়েছে।’’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে হর্ষিতের খেলার সম্ভাবনা নেই। অজিত আগরকরেরা পরিবর্ত হিসাবে সিরাজের কথা ভাবছেন। দলের ব্যাটিং নিয়ে ভাবছেন না তাঁরা। ভাল ফর্মে থাকা এক জোরে বোলারকেই দলে নিতে চাইছেন আগরকরেরা। ওয়াশিংটন সুন্দরকে নিয়েও উদ্বেগ রয়েছে। পেশির টানের জন্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও সুন্দর এখনও ফিটনেসের ছাড়পত্র পাননি। আশা করা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগেই তিনি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ছাড়পত্র পেয়ে যাবেন। না হলে,তাঁর বিকল্পের কথাও ভাবতে হবে আগরকরদের।
সূর্য বলেছেন, তাঁরা প্রয়োজনে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে এক সঙ্গে খেলাবেন। প্রথম একাদশ নির্বাচন নিয়ে নমনীয় থাকার কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক। শুক্রবার সাংবাদিক বৈঠকে সূর্য বলেন, ‘‘দলে একাধিক ভাল বোলার থাকা বাড়তি সুবিধা। আমাদের দলের ভারসাম্যেক দিকেও নজর দিতে হবে। প্রতিপক্ষ বিচার করে দল বাছতে হবে। দু’জন রিস্ট স্পিনার খেলানোর প্রয়োজন হলে অবশ্যই খেলাব। দলে বরুণ এবং কুলদীপের মতো দু’জন সেরা স্পিনার থাকলে তো ভাল। এ রকম মাথাব্যথা ভালই লাগে।’’
ওপেনিং জুটিও ঠিক করে ফেলেছে ভারতীয় শিবির। সূর্য বলেছেন, ‘‘অভিষেক শর্মা সঙ্গে ঈশান কিশন নামবে। ওদের চার-ছক্কাগুলো কি আপনারা উপভোগ করেন না? আর ঈশান তো বেশ ভাল খেলছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফর্ম ধরে রেখেছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাই তিনে খেলানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ওপেন করেছে। বিশ্বকাপেও প্রথম তিন ব্যাটারের মধ্যেই ও থাকবে। এটাও একটা ভাল মাথাব্যথা।’’
ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপের কথা মেনে নিয়েছেন সূর্য। আমেরিকা ম্যাচের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘‘আমরা ওদের বিরুদ্ধে খুব বেশি খেলি না। ওদের খেলার ভিডিয়ো দেখেছি আমরা। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছে।’’