Advertisement
E-Paper

মাঝ-আকাশে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরম বাতাসের বেলুন পুড়ে মারা গেলেন আট জন, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ব্রাজ়িলে ওড়ার সময় একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ে গরম বাতাসের বেলুনটি। আগুন ধরে যায় তাতে। এতে মোট ২১ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে চালক জরুরি অবতরণের চেষ্টা করেন এবং যাত্রীদের লাফিয়ে পড়তে বলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৭:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝ-আকাশে পুড়ে ছাই হয়ে গেল গরম বাতাসের একটি বেলুন। বেলুনে চড়ে উড়তে গিয়ে মৃত্যু হল আট জনের। ১৩ জন প্রাণ হাতে করে বেঁচে ফিরেছেন। শনিবারে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। লাটিন আমেরিকার দেশটির সান্তা ক্যাটারিনা রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্র প্রাইয়া গ্রান্দেতে ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে উড়তে উড়তে বেলুনটিতে আগুন লেগে গিয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে প্রথমে বেলুন থেকে সাদা ধোঁয়া বার হতে দেখা যায়। তার পর দাউ দাউ করে আগুন ধরে যায় তাতে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেলুনটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে চালক জরুরি অবতরণের চেষ্টা করেন এবং যাত্রীদের লাফিয়ে পড়তে বলেন। বেলুনের ঝুড়ির ভেতরে আগুন লেগেছিল। দুর্ঘটনায় বেঁচে যাওয়া বেলুনচালক আগুন দেখতে পাওয়ার পর জরুরি ভিত্তিতে বেলুনটিকে নীচে নামানোর চেষ্টা করেছিলেন। বেলুনটি মাটির কাছাকাছি আসতেই যাত্রীদের নিরাপদ স্থানে লাফিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। কয়েক জন পালাতে সক্ষম হলেও, আগুন তীব্র হতে থাকায় অন্যেরা বেলুনের ভেতরেই থেকে যান। কিছু যাত্রী বেরিয়ে আসার পর বেলুনটি হালকা হয়ে যায়। ফলে এটি আবার উপরে উঠতে শুরু করে এবং অবশেষে গতি হারিয়ে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছিলেন দুই দম্পতি, এক মা ও মেয়ে, এক চক্ষু বিশেষজ্ঞ এবং এক স্কেটার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত যাত্রীর খোঁজ পাওয়া গিয়েছে, কেউ নিখোঁজ নেই।

ভিডিয়োটি ‘বিহার_নওয়াদা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষই এই ঘটনা দেখে শিহরিত হয়েছেন। মাঝ-আকাশে ঘটা দুর্ঘটনা দেখে বহু নেটাগরিকই বেলুন চড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিয়ো লুলা দা সিলভাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রস্তাব দিয়েছেন। ঘটনাটি নিয়ে ব্রাজ়িলের জাতীয় অসামরিক বিমান চলাচল সংস্থা একটি তদন্ত শুরু করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Brazil News Brazil Hot Air Balloon Fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy