মহিলা ক্রিকেটারদের পাশে জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মা হওয়ার পর যাতে ক্রিকেটজীবন শেষ না হয়ে যায়, তা নিশ্চিত করতে নতুন ভাবনা আইসিসির। মহিলা ক্রিকেটারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গাইড লাইন।
গর্ভাবস্থার সময় থেকে মহিলাদের শরীরে নানা পরিবর্তন আসে। সন্তান জন্মের পর আরও কিছু পরিবর্তন হয়। অনেককে ক্রিকেট ছেড়ে দিতে হয়। এমন যাতে আর না হয়, তার জন্যই তৈরি করা হয়েছে গাইড লাইন। ১৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মহিলা ক্রিকেটারেরা মা হওয়ার পরও ২২ গজে ফিরে আসতে পারবেন। আইসিসি জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মা হওয়ার পর ক্রিকেটারদের সুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, নতুন করে অনুশীলন শুরু, প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রস্তুতি এবং ম্যাচ খেলার জায়গায় পৌঁছোনো সহজ হবে।
সংশ্লিষ্ট মহিলা ক্রিকেটারের বিষয়গুলি দেখভালের জন্য এক জনকে নিয়োগ করা হবে। তিনি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট হবেন। তিনি ক্রিকেটার স্বাস্থ্যের পরিস্থিতি, উন্নতি নিয়ে ধারাবাহিক ভাবে রিপোর্ট দেবেন। শারীরিক বিষয়গুলির পাশাপাশি ক্রিকেটারদের মানসিক দিকেরও দেখভাল করা হবে। মাঠে ফেরার আগে সংশ্লিষ্ট ক্রিকেটারের পেশির পরীক্ষা হবে। তা নির্দিষ্ট মানের হলে তবেই অনুমতি দেওয়া হবে। আইসিসির মেডিক্যাল পরামর্শদাতা কমিটির প্রধান তথা অস্ট্রেলিয়ার চিকিৎসক ফিলিপ ইঙ্গে জানিয়েছেন, সদস্য দেশগুলির আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা হবে। যেমন ভারতে ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান মহিলারা।
আরও পড়ুন:
আইসিসি চেয়ারম্যান জয় বলেছেন, ‘‘অনেক সময়ই মহিলাদের দেশের হয়ে খেলা এবং মাতৃত্বের মধ্যে একটি বেছে নিতে হয়। আমরা ক্রিকেটের পরিবেশকে আরও ভাল করতে চাই। তাঁদের পাশে থাকতে চাই। বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। ক্রিকেটারদের যত্ন নেওয়া আইসিসির দায়িত্ব। যে মহিলারা মাঠের মধ্যে এবং বাইরে জিততে চান, তাঁদের জন্য আমরা নতুন কিছু করার কথা ভেবেছি।’’ উল্লেখ্য, মা হওয়ার পর ২২ গজে ফেরার বেশ কিছু উদাহরণ রয়েছে ক্রিকেট বিশ্বে।