নিউ জ়িল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে ২৫৩ রানে হারের পর নতুন ধাক্কা ইংল্যান্ডের। শাস্তি পেতে হল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কেটে নিল আইসিসি। শাস্তি হয়েছে ইংরেজ ক্রিকেটারদেরও। আরও বিপাকে পড়ল ইংল্যান্ড।
ওভাল টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার বল করতে পারেনি ইংল্যান্ড। মন্থর বোলিং করেছে তারা। ১২ ওভার কম বল করায় ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে। এ ছাড়াও ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয়। তবে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
১২ পয়েন্ট কেটে নেওয়ার পর ইংল্যান্ডের ঝুলিতে এখন রয়েছে ৩৮ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সপ্তম স্থান ধরে রাখলেও তাদের পয়েন্ট শতাংশ ৩৪.৭২ থেকে কমে হয়েছে ২৬.৩৮ শতাংশ। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর নিউ জ়িল্যান্ডের পয়েন্ট ৪০। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কিউয়িরা। ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে শুভমন গিলেরা ষষ্ঠ স্থানে। প্রথম দু’টি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।