Advertisement
E-Paper

শেষ সিরিজ়ে লজ্জার চুনকাম! তার পরেও টেস্ট ক্রমতালিকায় উত্থান ভারতের, নেপথ্যে আইসিসির এক নিয়ম

ছ’মাস আগে শেষ বার লাল বলের ক্রিকেট খেলেছে ভারত। সেখানে লজ্জার হার হয়েছে। তার পরেও টেস্ট ক্রমতালিকায় উঠেছেন শুভমন গিলেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:১৮
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

গত বছর নভেম্বর মাসে শেষ বার টেস্ট সিরিজ় খেলেছে ভারত। শুভমন গিলদের আগামী টেস্ট সিরিজ় হবে জুন মাসে। অর্থাৎ, সাত মাস লাল বলের ক্রিকেট না খেলার পরেও টেস্ট ক্রমতালিকায় উঠেছে ভারত। নেপথ্যে আইসিসির এক নিয়ম।

ছ’মাস আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ চুনকামের লজ্জা হয়েছে ভারতের। তার পরেও পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকেছে তারা। ভারতের পয়েন্ট ১০৪। ইংল্যান্ডের ১০২। ভারত রয়েছে তিন নম্বরে। চারে রয়েছে ইংল্যান্ড।

শেষ তিন বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পয়েন্ট তালিকা তৈরি করেছে আইসিসি। অর্থাৎ, ২০২৩ সালের ১ মে থেকে ২০২৬ সালের ১ মে পর্যন্ত যে সব টেস্ট হয়েছে তার হিসাবে এই পয়েন্ট তালিকা তৈরি হয়েছে। ২০২৫ সালের ১ মে-র পর যে টেস্ট খেলা হয়েছে তাকে ১০০ শতাংশ ও আগের দুই বছরের পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরে মূল্যায়ন করা হয়েছে।

২০২৩ সালের ১ মে-র আগে টেস্টে ইংল্যান্ডের পারফরম্যান্স খুব ভাল ছিল। ভারতকে একটি টেস্টে হারিয়েছিল তারা। নিউ জ়িল্যান্ডকে ৩-০ চুনকাম করেছিল, দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়েছিলেন বেন স্টোকসেরা। পাকিস্তানকে ৩-০ হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই সব টেস্টের পারফরম্যান্স হিসাব করা হচ্ছে না। সেই কারণেই পয়েন্ট কমেছে ইংল্যান্ডের। ভারত ছাড়া পাকিস্তানেরও এই নিয়মে সুবিধা হয়েছে। শ্রীলঙ্কাকে টপকেছে তারা।

পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১৩১। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৯। ভারত তিন নম্বরে। শুভমনদের পয়েন্ট ১০৪। চার নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০২। পাঁচ নম্বরে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট ১০১। পয়েন্ট তালিকায় বাকিরা হল যথাক্রমে, পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৬), ওয়েস্ট ইন্ডিজ় (৬৮), বাংলাদেশ (৬৭), আয়ারল্যান্ড (২৫), জ়িম্বাবোয়ে (১০) ও আফগানিস্তান (০)।

India Cricket Shubman Gill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy