Advertisement
E-Paper

আইসিসির রোষে পাকিস্তান! হতে পারে নির্বাসনও, সলমনদের কী কী শাস্তি দিতে পারে জয় শাহের বোর্ড

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে সলমন আলি আঘাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮
cricket

পাকিস্তান দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।

পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। যদিও এখনও পর্যন্ত আইসিসিকে এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পরেও জানা গিয়েছে, এই সিদ্ধান্ত ভাল ভাবে নিচ্ছে না জয় শাহের বোর্জ। ভারত-ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সলমন আলি আঘাদের।

আইসিসির নির্বাসনের শাস্তি

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত সে দেশের সরকারের। সে ক্ষেত্রে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি। ঠিক যেমন ভাবে অতীতে জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কাকে আইসিসি নির্বাসিত করেছিল, তেমনটাই হতে পারে পাকিস্তানের সঙ্গে। এমনকি, আইসিসির নির্দেশ মেনে এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে নির্বাসিত করতে পারে এশীয় ক্রিকেট কাউন্সিল।

পয়েন্ট নষ্ট

ভারতের বিরুদ্ধে না খেললে সেই ম্যাচের কোনও পয়েন্ট পাবে না পাকিস্তান। ২ পয়েন্ট দেওয়া হবে ভারতকে। আইসিসির ১৬.১০.৭ ধারা অনুযায়ী, কোনও দল যদি দল না নামায় তা হলে তাদের নেট রানরেটেও প্রভাব পড়বে। যা পরিস্থিতি তাতে পাকিস্তানের নেট রানরেট অনেকটা কমে যেতে পারে। কিন্তু ভারতের নেট রানরেটে কোনও প্রভাব পড়বে না।

হাইব্রিড মডেল ভঙ্গের শাস্তি

পাকিস্তানের দাবি মেনেই ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইব্রিড মডেল এনেছে আইসিসি। অর্থাৎ, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। সেই মতো সূচি হয়েছে। কিন্তু যদি পাকিস্তান সেখানেও ভারতের বিরুদ্ধে খেলতে চাইছে না। ফলে চুক্তি ভঙ্গ হচ্ছে। সে ক্ষেত্রে ভবিষ্যতে আর কোনও প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে, সেখানেই খেলতে হবে তাদের।

আর্থিক লোকসান

আইসিসির কোনও বড় প্রতিযোগিতার আগে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে চুক্তি হয় পূর্ণ সদস্য দেশের। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। শেষ মুহূর্তে ভারতের বিরুদ্ধে না খেললে চুক্তিভঙ্গ করবে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তানকে লভ্যাংশ হিসাবে ৩১৬ কোটি টাকা দেয় আইসিসি। তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে লভ্যাংশ কেটে নেওয়া হবে। সে ক্ষেত্রে অনেক টাকা লোকসান হবে নকভিদের ক্রিকেট বোর্ডের।

একঘরে পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান ভারত-ম্যাচ বয়কট করলে ভবিষ্যতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলার আগে ভাববে বিভিন্ন দেশ। দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচিও আইসিসি তৈরি করে। ভবিষ্যতে কোনও দেশ পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বা পাকিস্তানকে ডাকার আগে ভাববে। ফলে ক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে নকভিদের বোর্ড।

সংশয়ে পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগে যেটুকু আকর্ষণ, তা বিদেশি ক্রিকেটারদের জন্য। কিন্তু পাকিস্তান ভারত-ম্যাচ বয়কট করলে বিভিন্ন দেশ তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি (এনওসি) না-ও দিতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়বে।

India vs Pakistan Pakistan Cricket Board
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy