Advertisement
E-Paper

ঘরে বসেই কাটা যাবে এক দিনের বিশ্বকাপের টিকিট, কবে থেকে শুরু হবে বিক্রি?

বিশ্বকাপের সূচি বদলের অপেক্ষা করা হচ্ছে। সেই বদল করার পরেই টিকিট বিক্রি শুরু হবে। মনে করা হচ্ছে ১০ অগস্ট থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি করা হবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১১:২৪
Jay Shah

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ (বাঁদিকে) এবং আইসিসির সিইও গফ অ্যালারডিস। ছবি: রয়টার্স।

এক দিনের বিশ্বকাপের খেলা যাঁরা মাঠে বসে দেখতে চান, তাঁদের টিকিট পেতে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। ১০ অগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে। তার আগে বিশ্বকাপের সূচিতে কিছু বদল হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রাজ্য ক্রিকেট সংস্থার (যে যে রাজ্যে বিশ্বকাপের ম্যাচ রয়েছে) কাছে টিকিটের দাম প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল হবে। আরও কয়েকটি ম্যাচের দিন বদল হতে পারে। সূচিতে সেই সব পরিবর্তন করার পরেই টিকিট বিক্রি শুরু হবে। তবে এ বার অনলাইনে টিকিট কাটলেও ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে কাটা টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে।

এ বারের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। ফাইনাল ১৯ নভেম্বর। এই বিশ্বকাপের সূচি পরিবর্তন প্রসঙ্গে জয় শাহ বলেন, “তিনটি দেশ আইসিসি-কে সূচি পরিবর্তনের কথা জানিয়েছে। দিন এবং সময় পরিবর্তন হবে। মাঠ পরিবর্তন করা হবে না। কোনও দেশের দু’টি ম্যাচের মাঝে ছ’দিনের ব্যবধান থাকলে সেটি কমিয়ে চার বা পাঁচ দিন করা হবে। পরিবর্তিত সূচি তিন-চার দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আইসিসি-র সঙ্গে আলোচনা করেই সূচি পরিবর্তন করা হবে।”

১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন নবরাত্রি উৎসব রয়েছে। গুজরাতে এই উৎসব খুব বড় করে পালন করা হয়। সেই কারণে একই দিনে আমদাবাদে ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই ম্যাচের দিন পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। ১৪ অক্টোবর হতে পারে সেই ম্যাচ। এই সব পরিবর্তনের পর টিকিট বিক্রি শুরু হবে।

অনলাইনে টিকিট কাটার পর ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। শুক্রবার এ খবর জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

ICC ODI World Cup 2023 Team India BCCI ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy