Advertisement
E-Paper

India Vs West Indies 2022: প্রসিদ্ধ-শার্দুলদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক দিনের সিরিজ জয় রোহিতদের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিলেন রোহিত শর্মারা। শুক্রবার সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৭
উইকেট নিয়ে উল্লাস ভারতীয়দের

উইকেট নিয়ে উল্লাস ভারতীয়দের ছবি: টুইটার

মোতেরায় ফের দেখা গেল ভারতীয় বোলারদের দাপট। ব্যাটাররা তেমন ভাবে সফল না হলেও বোলাররা জেতালেন দলকে। নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর ৪ উইকেটের দৌলতে দ্বিতীয় এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারাল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিলেন রোহিত শর্মারা। অধিনায়ক হিসাবে নিজের প্রথম এক দিনের সিরিজ জিতলেন রোহিত। শুক্রবার সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন তাঁরা।

দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সঙ্গ দেয়নি রোহিতের। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। প্রথম এগারোয় ঈশান কিশনের জায়গায় ফেরেন লোকেশ রাহুল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ।

শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। ৫ রান করে আউট হন রোহিত। পন্থের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন বিরাট কোহলী। ধীরে খেলছিলেন তাঁরা। শুরু করেও প্রথমে পন্থ ও তার পরে কোহলী আউট হয়ে যান। দু’জনেই ১৮ রান করেন।

চাপের মধ্যে থেকে দলকে বার করে আনেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। দু’জনের মধ্যে ৯১ রানের জুটি হয়। ৪৯ রানের মাথায় রানআউট হয়ে যান রাহুল। সূর্য অর্ধশতরান করেন। ৬৪ রান করে আউট হন তিনি। রান পান দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর। হুডা ২৯ ও সুন্দর ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে ভারত।

জবাবে শুরুটা খারাপ করেননি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও ব্র্যান্ডন কিং। পাওয়ার প্লে-তে ধরে খেলছিলেন তাঁরা। কিন্তু অষ্টম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বল করতে এসেই ছবিটা বদলে দিলেন। প্রথম ওভারেই কিংকে আউট করেন তিনি। পরের ওভারে নেন ব্র্যাভোকে। ২৭ রানের মাথায় হোপকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দেন যুজবেন্দ্র চহাল।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ছোট ছোট স্পেলে বোলারদের ব্যবহার করছিলেন রোহিত। তার ফল মিলছিল। পুরানকে আউট করেন প্রসিদ্ধ। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করা জেসন হোল্ডারকে সাজঘরে পাঠান শার্দুল ঠাকুর। ৭৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের।

দলকে খারাপ পরিস্থিতি থেকে টেনে তোলার চেষ্টা করেন শামার ব্রুকস। তাঁকে সঙ্গে দেন আকিল হুসেন। উইকেট না পড়ায় দীপক হুডার হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। প্রথম ওভারেই ৪৪ রানের মাথায় ব্রুকসকে আউট করেন তিনি। এক দিনের ক্রিকেটে প্রথম উইকেট পেলেন হুডা।

ব্রুকস আউট হওয়ার পরেও হাল ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজ। আকিল হুসেনের সঙ্গে ৪২ রানের জুটি বাঁধেন ফ্যাবিয়েন অ্যালেন। বেশ কয়েকটি বড় শট খেলেন তাঁরা। সিরাজের বলে হুসেনের ক্যাচ ফস্কান সুন্দর। যদিও সেই ওভারেই অ্যালেনকে আউট করেন সিরাজ। পরের ওভারেই ৩৪ রানের মাথায় হুসেনকে আউট করেন শার্দুল। ভাল ক্যাচ ধরেন পন্থ।

তার পরে দেখা গেল ওডিয়েন স্মিথের ঝোড়ো ব্যাটিং। শুরু করলেন শার্দুলকে পর পর দুটি ছক্কা মেরে। যে ভাবে ব্যাট ঘোরাচ্ছিলেন তাতে দেখে মনে হচ্ছিল ব্য়াটের কাণায় লাগলেও বল মাঠের বাইরে চলে যাবে। কিন্তু ২৪ রানের মাথায় তিনি আউট হতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ভারতের হয়ে ৯ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন প্রসিদ্ধ। শার্দুল পান ২ উইকেট।

India vs West Indies 2022 india cricket Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy