Advertisement
E-Paper

পাকিস্তানের সঙ্গে শত্রুতার কথা ভাবিই না, ওরা স্রেফ একটা প্রতিপক্ষ, বিশ্বকাপে সলমনদের হারিয়ে বললেন অক্ষর

সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দু`টি উইকেট নিয়েছেন অক্ষর পটেল। ম্যাচের পর তিনি জানালেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতার কথা এখন আর মাথাতেই রাখে না গোটা দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩
উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস অক্ষর পটেলের।

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস অক্ষর পটেলের। ছবি: পিটিআই।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দু`টি উইকেট নিয়েছেন অক্ষর পটেল। ম্যাচের পর তিনি জানালেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতার কথা এখন আর মাথাতেই রাখে না গোটা দল। তারা শুধু পাকিস্তানকে সাধারণ একটা প্রতিপক্ষ হিসেবে দেখে। অর্থাৎ সূর্যকুমার যাদবের পর ভারতের অলরাউন্ডারও বুঝিয়ে দিলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর হয়তো মহারণ বলা যাবে না।

রবিবার অক্ষর প্রথমে আউট করেন বাবর আজ়মকে। তার পর চালিয়ে খেলতে থাকা উসমান খানকেও ফিরিয়ে দেন। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেছেন, `আমরা সব সময় নিজেদের শক্তির ওপর ভরসা রাখি। লড়াইটা ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং বা ওই ধরনের কিছু নয়। আমরা একটা পরিকল্পনা করি এবং সেটাকে কাজে লাগাই। পাকিস্তান আমাদের কাছে একটা প্রতিপক্ষই। তাই শত্রুতা জাতীয় কোনও কথাবার্তা নিয়ে আমরা ভাবি না। আমরা নিজেদের শক্তি কাজে লাগিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করি। আজকেও গোটা দল সেটাই করেছে।`

অলরাউন্ডার হিসেবে নিজের ভূমিকা নিয়ে অক্ষর বলেছেন, `আমি জানি অলরাউন্ডার হিসাবে আমার কী কাজ। এই দলে যে সাতে বা আটে নামে তাদের ভূমিকা আলাদা করে বলা থাকে। অলরাউন্ডারকে একজন টিমম্যান হতে হবে। দল যখন বলবে ব্যাট করতে হবে। আবার যখন বলবে বল করতে হবে। যখন দলের তরফে আমাকে উপরের দিকে ব্যাট করতে বলা হয় বা আমার হাতে বল তুলে দেওয়া হয়, তখন আমি এটাই ভাবি যে দল আমার প্রতি বিশ্বাস রেখেছে বলেই আমাকে একটা দায়িত্ব দিচ্ছে। আমি তখন সেই আস্থার দাম রাখার চেষ্টা করি। হয়তো পরের ম্যাচে আমাকে উপরের দিকে ব্যাট করতে দেখতেও পারেন।`

এ দিন ভারতের কাজ সহজ করে দেয় পাকিস্তানের অনিয়ন্ত্রিত ব্যাটিং। কী পরিকল্পনা নিয়ে বল করতে নেমেছিলেন তাঁরা? অক্ষরের জবাব, `আমি যখন বল করতে আসি তখন বল পিচে পড়ে পিছলে যাচ্ছিল। বাবরের ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম পায়ের একটু সামনে বলটা ফেলতে। দেখতে চেয়েছিলাম ও কী করে। আর উসমান বার বার এগিয়ে আসছিল। তাই বলটা একটু আগে ফেলেছিলাম। তাতেই কাজ হয়ে গিয়েছে। সহজ পরিকল্পনা ছিল আমার।`


India vs Pakistan Axar Patel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy