১৫৮ বল লাগল অর্ধশতরান করতে। যখন সাজঘরে ফিরছেন নামের পাশে লেখা ৭৯। বল খেলেছেন ২০১। ব্যাটিং গড় ৩৯.৩০। যা মোটেই বিরাট কোহলীচিত নয়। কেপটাউনে দেখা গেল অন্য কোহলীকে। টেস্টে সব থেকে ধীরে অর্ধশতরানের নিরিখে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে কেরিয়ারের শুরুতে ১৭২ বলে অর্ধশতরান করেছিলেন কোহলী। সেটি তাঁর সব থেকে ধীরে অর্ধশতরান।
২০২০ সাল থেকে সময়টা ভাল যাচ্ছে না কোহলীর। গত দু’বছরে মোট ১৪টি টেস্ট খেলে ২৬.০৮ গড়ে রান করেছেন কোহলী, যা তাঁর কেরিয়ার গড়ের (৫০.৩৪) থেকে অনেক কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হন কোহলী। অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন তিনি। দ্বিতীয় টেস্টে পিঠের ব্যথায় খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন:
তৃতীয় টেস্টে তাই অনেক বেশি ধৈর্য্য ধরে খেললেন কোহলী। প্রথম থেকে বাইরের বল ছা়ড়া শুরু করলেন। অযথা ঝুঁকি নিচ্ছিলেন না। ফলে ধীরে রান এলেও আউট হননি। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ রানের মাথায় রাবাডার বলে আউট হন ভারতের টেস্ট অধিনায়ক।
শতরান না এলেও কোহলীর ব্যাটিং দেখে খুশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর মতে, ভাগ্য ভাল থাকলে বড় রান করতেন বিরাট। গত দু’বছরের বেশি সময় ধরে বড় রান করতে পারছেন না বিরাট। তবে সেই বিষয়ে খুব একটা চিন্তিত নন রাঠৌর। তাঁর মতে কোহলীর ব্যাট থেকে বড় রান শুধু সময়ের অপেক্ষা।