Advertisement
E-Paper

বিশ্বজয়ের পরের ম্যাচেই হার ভারতের, উদ্বেগ অধিনায়ক হরমনপ্রীতের চোট নিয়ে, ৬ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মঙ্গলবার প্রথম এক দিনের ম্যাচ খেলল ভারতের মহিলা দল। ব্রিসবেনের এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারলেন না হরমনপ্রীত কৌরেরা। চিন্তা বাড়াল অধিনায়কের চোটও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫
picture of cricket

অর্ধশতরানের পর হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

টি-টোয়েন্টি সিরিজ় জেতার পর এক দিনের সিরিজ়ের শুরুটা ভাল করতে পারলেন না হরমনপ্রীত কৌরেরা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। প্রথমে ব্যাট করে হরমনপ্রীতেরা করেন ২১৪ রান। জবাবে ৩৮.২ ওভারে ৪ উইকেটে ২১৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় অ্যালিশা হিলির দল। প্রথম ম্যাচে হারের পাশাপাশি বিশ্বজয়ীদের উদ্বেগ বৃদ্ধি করল হরমনপ্রীতের চোট।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম এক দিনের ম্যাচেই হতাশ করল ভারতের মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার টস জিতে ব্রিসবেনের ২২ গজে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। তাঁর দলের ব্যাটারেরা সুযোগ কাজে লাগাতে পারলেন না। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ইনিংসের শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে ভারত। পর পর আউট হয়ে যান ওপেনার প্রতীকা রাওয়াল (০), শেফালি বর্মা (৪) এবং জেমাইমা রদ্রিগেজ় (৮)। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের হাল ধরেন অধিনায়ক এবং সহ-অধিনায়ক। ওপেন করতে নেমে স্মৃতি মন্ধানা খেললেন ৬৮ বলে ৫৮ রানের ইনিংস। ৭টি চার মারলেন তিনি। পাঁচ নম্বরে নেমে হরমনপ্রীত করলেন ৮৪ বলে ৫৩। ৩টি চার রয়েছে তাঁর ইনিংসে। চতুর্থ উইকেটের জুটিতে ৪৮ রান যোগ করেন তাঁরা। তবে মন্ধানা আউট হওয়ার পর আবার দলকে চাপে ফেলে দেন দীপ্তি শর্মা (২)।

চাপের মুখে ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ এবং অলরাউন্ডার কাশভি গৌতম। বাংলার রিচা ৩৮ বলে ২৩ রান করেন ২টি চারের সাহায্যে। আগ্রাসী ব্যাটিং করেন কাশভি। তাঁর ৪৪ বলে ৪৩ রানের ইনিংসে রয়েছে ৩টি চার এবং ৩টি ছক্কা।

অস্ট্রেলিয়ার সফলতম বোলার অ্যাশলে গার্ডনার ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ৪২ রানে ২ উইকেট মেগান শাটের। ১টি করে উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন, অ্যালানা কিং, তাহিলা ম্যাকগ্রা এবং সোফি মোলিনাক্স।

জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। দুই ওপেনার হিলি এবং ফোবে লিচফিল্ড ভাল শুরু করেন। হিলি করেন ৭০ বলে ৫০। ৪টি চার মারেন চিনি। লিচফিল্ডের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩২ রানের ইনিংস। ৬টি চার মেরেছেন তিনি। তিন নম্বরে নামা জর্জিয়া ভল (০) ব্যর্থ হলেও চাপ তৈরি হয়নি। চার নম্বরে নামা বেথ মুনি পরিস্থিতি সামলে দেন। তিনি করেন ৭৯ বলে ৭৬। ৫টি চারের পাশাপাশি তাঁর ব্যাট থেকে এসেছে ২টি ছক্কা। ভাল ব্যাট করলেন পাঁচ নম্বরে নামা অ্যানাবেল সাদারল্যান্ডও। ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে উইকেটে ছিলেন গার্ডনার (অপরাজিত ৫)।

ভারতীয় বোলারদের মধ্যে কেউই অস্ট্রেলীয়দের তেমন সমস্যায় ফেলতে পারেননি। শ্রী চরণী ৪১ রানে ২ উইকেট নিলেন। ৩২ রানে ১ উইকেট ক্রান্তি গৌড়ের। এ ছাড়া ৪৯ রানে ১ উইকেট নেন দীপ্তি।

বিশ্বজয়ীদের উদ্বেগ বৃদ্ধি করল হরমনপ্রীতের চোট। এ দিন ব্যাট করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান তিনি। পরে ফিল্ডিং করতে নামতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংসে ভারতকে নেতৃত্ব দেন মন্ধানা। ভারতীয় মহিলা দলের মেডিক্যাল টিম হরমনপ্রীতের পরিস্থিতির উপর নজর রাখছে। দলের পক্ষ থেকে তাঁর চোট নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

ODI Harmanpreet Kaur Injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy