গৌতম গম্ভীরই বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ক্রিকেটার ও কোচ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। শুধু তাই নয়, ভারতের কোচ হিসাবে দু’বছরে দু’টি আইসিসি ট্রফি জিতে ফেলেছেন তিনি। অথচ তিনি নাকি এই দায়িত্ব নেওয়ার আগে দ্বিধায় ছিলেন। একজনের কথা শুনেই ভারতীয় দলের কোচ হয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেই নেপথ্য কাহিনি শুনিয়েছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব তথা আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহের নাম করেছেন তিনি। গম্ভীর বলেন, “আমার মনে আছে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে জয় ভাই আমাকে ফোন করেছিল। সকাল সকাল ফোন করে আমাকে বলল, ‘তোমাকে একটা প্রস্তাব দেব, যা তুমি না করতে পারবে না।’ আমি বললাম, ‘কী প্রস্তাব’। জয় ভাই বলল, ‘তোমাকে ভারতীয় দলের প্রধান কোচ হতে হবে।’ সত্যি বলতে, ওই সময় আমি তৈরিই ছিলাম না।”
দ্বিধায় ছিলেন গম্ভীর। কারণ, ভারতীয় দলের কোচ হওয়া চাট্টিখানি বিষয় নয়। তিনি সেটা জানতেন। গম্ভীর বলেন, “আমি অবাক হয়েছিলাম। আমার মতে, ভারতীয় দলের কোচ হওয়া সম্মানের। কারণ, কত জন আবার ভারতীয় দলের জার্সি পরে ওই সাজঘরে যাওয়ার সুযোগ পায়। আমাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছিল।”
কোচের দায়িত্ব নেওয়ার পুরো কৃতিত্ব জয়কেই দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, “আমাকে বলুন, কত জন প্রাক্তন ক্রিকেটার কোচ হতে পারে। খুব কম। জয় ভাই বলেছিল, আমি না করতে পারব না। আমি নাতাশার (গম্ভীরের স্ত্রী) সঙ্গে কথা বললাম। কিন্তু জয় ভাইয়ের কথাতেই দায়িত্ব নিয়েছিলাম। সাংবাদিক বৈঠকেও সেটা বলেছি।”
এর আগে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করলেও কোনও দিন কোচিং করাননি গম্ভীর। তাঁর কাছে বিষয়টি নতুন ছিল। গম্ভীর বলেন, “আমাকে যখন প্রস্তাব দেওয়া হল, তখন কোচিংয়ের কোনও অভিজ্ঞতাই আমার ছিল না। তার আগে কোনও দলের প্রধান কোচ হিসাবে কাজ করিনি। আমি মেন্টর হিসাবে কাজ করেছি। কোচের দায়িত্ব আরও বেশি। আশা করছি, এখনও পর্যন্ত আমি জয় ভাইয়ের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।”
আরও পড়ুন:
ভারতীয় দলের কোচ হওয়ার পর লাল বলের ক্রিকেটে বড় ধাক্কা খান গম্ভীর। প্রথমে নিউ জ়িল্যান্ড, তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ঘরের মাটিতে চুনকাম হন। তাঁর সমালোচনা শুরু হয়েছিল। তাঁকে সরানোরও দাবি উঠেছিল। সেই সময়ও জয়ই তাঁর পাশে ছিলেন। গম্ভীর বলেন, “নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হার ভুলতে পারছিলাম না। খুব হতাশ লাগছিল। সেই সময় আমাকে একজনই ফোন করেছিল। জয় ভাই। নিউ জ়িল্যান্ডের কাছে হারের পর বিমানবন্দরে ফেরার পথে জয় ভাইয়ের ফোন এসেছিল। আমাকে শক্ত থাকতে বলেছিল।”
জয়ের সেই বার্তা তাঁকে কঠিন সময় কাটিয়ে ফিরে আসতে সাহায্য করেছিল বলে জানিয়েছেন গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচ বলেন, “ভাল সময়ে তো অনেকেই ফোন করে। তাদের নাম মনে থাকে না। কিন্তু কঠিন সময়ে যে পাশে থাকে তাকে সারা জীবন মনে থাকে। আমার জীবনে সেই জায়গা জয় ভাইয়ের। যখন ভারতীয় দলের কোচ থাকব না, তখনও জয় ভাইয়ের সেই জায়গাই থাকবে আমার জীবনে।”