Advertisement
E-Paper

সাদা চাদরে ঢাকা, পাশে মা, দুর্ঘটনার সাড়ে চার দিন পর প্রকাশ্যে এল ঋষভ পন্থের ছবি

গাড়ি দুর্ঘটনার পরে সাড়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষভ পন্থ। হাসপাতালের ভিতরে তাঁর কোনও ছবি দেখা যায়নি। অবশেষে প্রকাশ্যে এল ভারতীয় ক্রিকেটারের ছবি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:৩৫
গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তার পর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তার পর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। —ফাইল চিত্র

শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তার পর থেকে হাসপাতালে ভর্তি তিনি। এই সময়ের মধ্যে তাঁর কোনও ছবি বাইরে আসেনি। অবশেষে সাড়ে চার দিন পরে পন্থের ছবি প্রকাশ্যে এল। কিন্তু ছবিতে তাঁর মুখ দেখা যায়নি। সাদা চাদরে পন্থকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ের হাসপাতালে।

চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে। সেখানকার হাসপাতালে পন্থের হাঁটুর অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার ছাড়া হাঁটুর ছিঁড়ে যাওয়া লিগামেন্ট ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসা কী ভাবে হবে, সে সব কিছুই ঠিক করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। এ ক্ষেত্রে পন্থের পরিবারের সদস্যদের মতামতকেও তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না।

হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে।

হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে। ছবি: পিটিআই

দেহরাদূনের হাসপাতাল থেকে পন্থকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বইয়ে। হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়ার সময় পন্থের ছবি বাইরে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পন্থের সঙ্গে রয়েছেন তাঁর মা সরোজ পন্থ। তিনি অ্যাম্বুল্যান্সে পন্থের পাশে বসেছিলেন। সাদা চাদরে ঢাকা থাকায় পন্থের মুখ দেখা যায়নি। উদ্বিগ্ন মুখে বসে থাকতে দেখা যায় সরোজকে।

আহত পন্থের পাশে রয়েছেন তাঁর মা সরোজ।

আহত পন্থের পাশে রয়েছেন তাঁর মা সরোজ। ছবি: পিটিআই

মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে পন্থের চিকিৎসা হবে। এই হাসপাতালেই হবে তাঁর হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার। ওষুধে তেমন কাজ না হওয়ায় পন্থের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দিনশ পারডিওয়ালার নেতৃত্বে পন্থের চিকিৎসা হবে বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

অ্যাম্বুল্যান্সে পন্থ। পাশে বসে মা।

অ্যাম্বুল্যান্সে পন্থ। পাশে বসে মা। ছবি: পিটিআই

পন্থের সমস্ত চিকিৎসা হচ্ছে বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের নজরদারিতে। আগামী দিনেও পন্থের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখবেন তাঁরা। উইকেটরক্ষক-ব্যাটারের চিকিৎসা কোন পদ্ধতিতে হবে, তাও মূলত ঠিক করে দিচ্ছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা। পন্থের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দিল্লি থেকে রুরকির বাড়ি যাওয়ার পথে ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। প্রথমে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানকার চিকিৎসক সুশীল নগর জানিয়েছিলেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। পরে তাঁকে দেহরাদূনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এত দিন চিকিৎসা চলছিল তাঁর।

Rishabh Pant Indian cricketer Car Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy