Advertisement
E-Paper

গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার ১৭ দিন পরে মুখ খুললেন ঋষভ পন্থ

দুর্ঘটনার ১৭ দিন পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ঋষভ পন্থ। সোমবার বিকেলে তিনি একটি টুইট করেছেন। সেখানে জানিয়ে দিয়েছেন, ক্রিকেটে ফেরার লড়াই শুরু হয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৯:১৭
দুর্ঘটনার পর প্রথম বার টুইটারে বার্তা পোস্ট করলেন ঋষভ পন্থ।

দুর্ঘটনার পর প্রথম বার টুইটারে বার্তা পোস্ট করলেন ঋষভ পন্থ। ফাইল ছবি

গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথম বার মুখ খুললেন ঋষভ পন্থ। সোমবার বিকেলে তিনি দু’টি টুইট করেছেন। সেখানে জানিয়েছেন, তাঁর ক্রিকেটে ফেরার লড়াই শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বোর্ড এবং তাঁর চিকিৎসকদের।

পন্থ লিখেছেন, “দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। দারুণ ভাবে আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ।”

দ্বিতীয় একটি টুইটে পন্থ লিখেছেন, “সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিয়োকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।”

পন্থ যদিও জানিয়েছেন যে ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে অবাক করা সাফল্য না মিললে চলতি বছর মাঠের বাইরেই কাটাতে হতে পারে তাঁকে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই দু’বার অস্ত্রোপচার হয়েছে তাঁর শরীরে। তাতেও চোট পুরো সারেনি। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আরও এক বার অস্ত্রোপচার হবে পন্থের। তাই মাঠে নামতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেটারকে।

প্রথমে ডান পায়ের হাঁটু ও তার পরে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল পন্থের। মুম্বইয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রীড়া অস্থি বিশেষজ্ঞ দীনেশ পারদিওয়ালার নেতৃত্বে অস্ত্রোপচার হয়েছে পন্থের। তরুণ ক্রিকেটার এখন কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের ক্রীড়া বিজ্ঞান এবং সুস্থতা বিভাগের প্রধান বৈভব দাগার চিকিৎসাধীন। ছ’সপ্তাহ পরে ডান পায়ে আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা পন্থের।

এই তিনটি অস্ত্রোপচারের ফলে আগামী আট থেকে ন’মাস মাঠের বাইরে থাকতে হবে পন্থকে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপ পর্যন্ত খেলার সম্ভাবনা নেই তাঁর। অক্টোবর-নভেম্বরে এক দিনের বিশ্বকাপ খেলাও অনিশ্চিত ভারতীয় ক্রিকেটারের। কারণ, সুস্থ হলেও ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে পন্থের। তাই এই বছরে তাঁর খেলার সম্ভাবনা মাঠে মারা গেল বলে আশঙ্কা চিকিৎসকদের।

Rishabh Pant BCCI Car Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy