আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৬ ওভার হিসাব করে নামত প্রতিপক্ষ। সকলে জানত, জসপ্রীত বুমরাহের চার ওভার বাইরে রাখতে হবে। সেখানে যত রান আসে, সেটা বোনাস। কিন্তু এ বারের আইপিএলে ছবিটা বদলে গিয়েছে। কেরিয়ারে এত খারাপ সময় বোধহয় এর আগে দেখেননি বুমরাহ। চোখ বন্ধ করে তাঁর বলে বড় শট মারছেন ব্যাটারেরা। এ বার কি তবে দলের বাইরে বসতে হবে বিশ্বের অন্যতম সেরা পেসারকে?
বুধবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৫২ রান দিয়েছেন বুমরাহ। একটিও উইকেট পাননি। তাঁর বিরুদ্ধে অভিষেক শর্মার রেকর্ড ভাল ছিল না। এর আগে পাঁচ বারের সাক্ষাতে দু’বার অভিষেককে আউট করেছেন বুমরাহ। অভিষেক ৭৫ স্ট্রাইক রেটে করেছেন ১৭ রান। কিন্তু বুধবার বুমরাহের মন্থর বল মিড অনের উপর দিয়ে উড়িয়ে দিলেন অভিষেক। তার পরেই ট্রেভিস হেড সোজা বুমরাহের মাথার উপর দিয়ে মারলেন ৯৯ মিটার লম্বা ছক্কা। পাওয়ার প্লে-তে দু’ওভারে ৩২ রান দেন বুমরাহ। আইপিএলে পাওয়ার প্লে-তে এর আগে কোনও দিন এত রান দেননি তিনি।
পাওয়ার প্লে-র পরেও ছবিটা বদলায়নি। এক্সট্রা কভারের উপর দিয়ে বুমরাহের বল উড়িয়ে দেন হাইনরিখ ক্লাসেন। তার পরেই আসে মুম্বই সমর্থকদের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত। ঘরোয়া ক্রিকেটার সলিল অরোরাও মিড অফের দিয়ে বুমরাহকে ছক্কা মারেন। শট মারার পর তিনি বলের দিকে তাকাননি পর্যন্ত। বুধবারের ম্যাচে পাঁচটি ছক্কা খেয়েছেন বুমরাহ। এই ছবি খুব একটা দেখা যায় না।
এ বারের আইপিএলে আট ম্যাচে ৩০ ওভার বল করেছেন বুমরাহ। দিয়েছেন ২৬৪ রান। অর্থাৎ, ওভার প্রতি ৮.৮০ রান। টি-টোয়েন্টি কেরিয়ারে বুমরাহের ইকোনমি রেটের (৭.৩৩) থেকে তা অনেকটাই বেশি। কেরিয়ারে বুমরাহের বোলিং গড় ২৩.২১। এ বারের আইপিএলে তিনি মাত্র ২টি উইকেট পেয়েছেন। তাঁর বোলিং গড় ১৩২। আইপিএলে বুমরাহের বলের গড় গতি কমে হয়েছে ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার।
বুমরাহের বোলিংয়ের বিশ্লেষণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, উইকেট নেওয়ার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়েছেন মুম্বইয়ের পেসার। অশ্বিন বলেন, “বুমরাহের আসল শক্তি ইয়র্কার বল করে ব্যাটারকে আটকে রাখা। রান না এলে ব্যাটার ঝুঁকি নিতে গিয়ে উইকেট দেয়। ওয়ানখেডের মতো মাঠে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এ বার বুমরাহ অনেক বেশি চেষ্টা করছে। তাতেই সমস্যা হচ্ছে।”
আরও পড়ুন:
ইরফান পাঠানের মতে, বলের গতি বেশি কমিয়ে ভুল করেছেন বুমরাহ। ইরফান বলেন, “এ বার ৪৪ শতাংশ বল মন্থর করেছে বুমরাহ। অর্থাৎ, প্রতি দুই বলে একটা। ওর ফর্ম নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ওর গড় গতি কমে ১৩০ কিলোমিটারে চলে গিয়েছে। যদি ও আরও গতিতে বল করত, তা হলে ভাল করত। বুমরাহের মতো বোলারকে কিছু শেখানোর নেই। কিন্তু এই পরিসংখ্যান ওকে খেয়াল রাখতে হবে।”
এই পরিস্থিতিতে মুম্বইয়ের সহকারী কোচ কাইরন পোলার্ড ইঙ্গিত দিয়েছেন, বুমরাহকে বসিয়ে দেওয়া হতে পারে। তিনি বলেন, “আমাদের দেখতে হবে কেন বুমরাহ ভাল বল করতে পারছে না। ও তো বছরের পর বছর ধরে এটা করেছে। ও মানুষ। তাই ওর ভুল হতেই পারে। কয়েকটা ম্যাচ, বা একটা মরসুম খারাপ যেতেই পারে। এই সময় প্রত্যেক ক্রিকেটারের প্রয়োজন সময়, বিশ্রাম ও বিরতি। আমাদের মাথায় রাখতে হবে, ও বছরের পর বছর ধরে মুম্বই ও ভারতের হয়ে কী করেছে।” পোলার্ডের এই কথা থেকে মনে হচ্ছে, কয়েকটি ম্যাচে বুমরাহকে বসানো হতে পারে। তাতে হয়তো পুরনো আত্মবিশ্বাস ফিরে পাবেন তিনি। সেই আশায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী