Advertisement
E-Paper

ধোনির বাড়ির গ্যারাজ দেখে হতভম্ব হয়ে গেলেন ভারতীয় পেসার, প্রকাশ্যে ভিডিয়ো

ধোনির বাইক এবং গাড়ির সম্ভার দেখলে মনে হতেই পারে যে, সেটা হয়তো কোনও শো রুম। অবাক হয়ে গেলেন বেঙ্কটেশ প্রসাদ। ভারতের প্রাক্তন পেসার গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনির রাঁচীর বাড়িতে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১২:০৩
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

সারি সারি বাইক দাঁড়িয়ে। সঙ্গে কিছু চার চাকার গাড়ি। সেই গাড়ি এবং বাইকগুলির মধ্যে অনেকগুলিই ভিন্টেজ। বাইক এবং গাড়ির সেই সম্ভার দেখলে মনে হতেই পারে যে, হয়তো কোনও শো রুম। এমনটাই মনে হয়েছিল বেঙ্কটেশ প্রসাদেরও। কিন্তু সেটি মহেন্দ্র সিংহ ধোনির রাঁচীর বাড়ির গ্যারাজ। সেখানে গিয়ে অবাক হয়ে গেলেন ভারতের প্রাক্তন পেসার প্রসাদ। সঙ্গে ছিলেন প্রাক্তন নির্বাচক সুনীল যোশিও।

ধোনির বাইকের প্রতি ভালবাসা সকলেরই জানা। রাঁচীতে থাকতে বাইক নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন ধোনি। কিন্তু তিনি যে এত ধরনের বাইক নিজের বাড়িতে রেখেছেন, তা জানতেন না প্রসাদ। সমাজমাধ্যমে ধোনির বাইকের সেই ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, “এক জন মানুষ নিজের ভালবাসার জিনিস নিয়ে এতটা পাগল হতে পারে, সেটা আমার জানা ছিল না। কী দুর্দান্ত সংগ্রহ! ধোনির পক্ষেই সম্ভব। ধোনির রাঁচীর বাড়িতে এই বাইকগুলো রয়েছে। আমি অবাক হয়ে গিয়েছি।”

প্রসাদ প্রথম বার ধোনির রাঁচীর বাড়িতে গিয়েছেন, এমন নয়। নিজেই জানিয়েছে, চার বার ধোনির বাড়িতে গিয়েছেন। প্রসাদ বলেন, “এটা প্রথম বার নয়। আমি এর আগে চার বার এসেছি এখানে। কিন্তু ধোনির এই বাইক রাখার জায়গাটা অবাক করে দেয়। কোনও মানুষ যদি একটি বিষয় নিয়ে পাগল হয়, তা হলেই এটা করা সম্ভব। এটাকে বাইকের শো রুমও বলা যেতে পারে।”

ধোনির ৫০টির বেশি বাইক রয়েছে। এর মধ্যে হারলে-ডেভিডসন, কাওয়াসাকি নিনজা, ডুকাটির মতো সংস্থার বাইক রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতে। সেখানেই গিয়েছিলেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রসাদ। ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৬১টি এক দিনের ম্যাচ খেলেছেন এই পেসার। ধোনিকে জিজ্ঞেস করা হয় এই বিশাল সংখ্যক বাইকের সংগ্রহ কেন তাঁর বাড়িতে? উত্তর ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “এই বাড়িতে আমার নিজের বলতে এটাই। তা-ও বলা হয়েছিল ব্যাডমিন্টন কোর্টের পিছনে এটা বানাতে, আমি আগেই বানিয়েছি।”

গত ৭ জুলাই ৪২ বছরে পা রেখেছেন ধোনি। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও খেলেন। এই বছর ট্রফিও জিতেছেন। পাঁচটি আইপিএল ট্রফি রয়েছে তাঁর। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তিনিই ভারতের একমাত্র অধিনায়ক, যিনি সব ধরনের আইসিসি ট্রফি জিতেছেন।

MS Dhoni Bike Venkatesh Prasad Team India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy