কঠোর অবস্থান নিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কর্তারা। নামের জোরে বা অতীত রেকর্ড ভাঙিয়ে আর দলে জায়গা পাওয়া যাবে না। সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে জায়গা পেতে হলে টি২০ মুম্বই লিগে খেলতেই হবে।
শনিবার টি২০ মুম্বই লিগের নিলাম হয়েছে। সব দল তৈরি হয়ে গিয়েছে। সে দিনই নির্দেশিকা দিয়েছেন এমসিএ কর্তারা। এ বার থেকে শুরু হচ্ছে মহিলাদের প্রতিযোগিতাও। মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক করা হয়েছে। এমসিএ নির্দেশিকায় বলেছে, ‘‘আন্তর্জাতিক সূচি বা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের জন্য না থাকলে প্রত্যেক ক্রিকেটারকে টি২০ মুম্বই লিগে বাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করতে হবে। যারা খেলবে শুধু তারাই সৈয়দ মুস্তার আলি ট্রফির দলের জন্য বিবেচিত হবে।’’
এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘‘এটা খুব সাধারণ নিয়ম। যে ক্রিকেটারেরা দেশের হয়ে খেলছে বা ঘরোয়া ক্রিকেট খেলছে, তারা যাতে ক্লাবের হয়ে খেলে সেটাই নিশ্চিত করা হয়েছে। সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকারের মতো প্রাক্তনেরা নিয়মিত ক্লাব ক্রিকেট খেলতেন। এখন সূর্যকুমার যাদবও নিয়মিত পার্সি জিমখানার হয়ে খেলে। শার্দূল ঠাকুর ক্লাব ক্রিকেট খেলে। মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য এটা নতুন কোনও বিষয় নয়। গত তিন বছর ধরে ওরা নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ির হয়েও খেলছে। সমস্যা হওয়ার কথা নয়।’’
আরও পড়ুন:
সৈয়দ মুস্তাক আলি ট্রফি জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। স্বাভাবিক ভাবেই গুরুত্ব দিচ্ছেন এমসিএ কর্তারা। দল তৈরির জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটারদের ফর্মকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। তাই টি২০ মুম্বই লিগ না খেললে দলের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।