Advertisement
E-Paper

পাকিস্তান দল থেকে বাদই পড়লেন বাবর, টি২০ বিশ্বকাপে ব্যর্থতার জেরে বদলের ঢেউ, বাংলাদেশ সিরিজ়ে ছয় নতুন ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ় থেকে সেই বাবর আজ়ম, সাইম আয়ুবকে বাদই দিল পাকিস্তান। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ছ’জন নতুন মুখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:১২
cricket

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠেছিল দলের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ় থেকে সেই বাবর আজ়ম, সাইম আয়ুবকে বাদই দিল পাকিস্তান। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ছ’জন নতুন মুখ। বিশ্বকাপে ভাল খেলা সাহিবজ়াদা ফারহানকে এক দিনের দলে ডাকা হয়েছে।

গত বছর শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। তিনিই নেতৃত্ব দেবেন। জায়গা ধরে রেখেছেন মহম্মদ রিজ়ওয়ান। লেগস্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার ফাহিম আশরফও দলে আছেন।

এক দিনের ক্রিকেটে অভিষেক হওয়ার জায়গায় রয়েছেন অনেকেই। ২৮ বছরের আব্দুল সামাদ সম্প্রতি টি-টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছেন। ২০ বছরের মাজ় সাদাকাতের সঙ্গে ২১ বছরের ওপেনার শামিল হুসেনকে জায়গা দেওয়া হয়েছে। অভিষেক হতে পারে ঘাজ়ি ঘোরির। বাংলাদেশে যাচ্ছেন ২১ বছরের সাদ মাসুদও।

বোলিং বিভাগে অবশ্য নতুন কেউ নেই। শাহিনের সঙ্গে পেসার হিসাবে থাকছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং হ্যারিস রউফ। অলরাউন্ডার হিসাবে আশরফ ছাড়াও থাকছেন হুসেন তালাত। বাঁ হাতি স্পিনার ফয়সাল আক্রমকেও দলে নেওয়া হয়েছে।

সাইমকে বাদ দেওয়া তাৎপর্যপূর্ণ। তাঁর এটা প্রিয় ফরম্যাট। শেষ ১৩টি ম্যাচে তিনটি শতরান এবং দু’টি অর্ধশতরান রয়েছে। তাঁর জন্যই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজ় জিতেছে পাকিস্তান। সেখানে ফারহান ২০২৪ থেকে এক দিনের ক্রিকেটে খেলেনইনি।

বাবরও এক দিনের ক্রিকেটে নেহাত খারাপ নন। ২০২৫-টা খুব সাধারণ গেলেও এই ফরম্যাটেই তিনি শতরানের খরা কাটিয়েছেন। টি-টোয়েন্টিতে খারাপ খেলার দায়ে কেন এক দিনের দল থেকে তিনি এবং সাইম বাদ, তা নিয়ে জল্পনা চলছে।

Pakistan Cricket Babar Azam Saim Ayub Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy