E-Paper

পাক বোর্ডের ডিগবাজি, এশিয়া কাপ নিয়ে নতুন জট

এত দিন পাক বোর্ডের দায়িত্বে ছিলেন নাজম শেঠি। যিনি এই ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেন। কিন্তু তিনি এখন সরে গিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ০৬:১২
An image of Pakistan Cricket Board

এশিয়া কাপ নিয়ে জট তৈরি করেছে পাকিস্তানই। —ফাইল চিত্র।

এশিয়া কাপ নিয়ে জট যেন কেটেও কাটছে না। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল ‘হাইব্রিড মডেল’-এ নাকি হতে চলেছে এ বারের এশিয়া কাপ। অর্থাৎ, পাকিস্তান তাদের নিজেদের ম্যাচ খেলবে ঘরের মাঠে, ভারত খেলবে শ্রীলঙ্কায়। কিন্তু এ বার সেই প্রস্তাব নিয়েও জট তৈরি হয়েছে। সেটা তৈরি করেছে পাকিস্তানই। নিজেদের প্রস্তাব নিজেরাই খারিজ করে দিয়ে।

এত দিন পাক বোর্ডের দায়িত্বে ছিলেন নাজম শেঠি। যিনি এই ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেন। কিন্তু তিনি এখন সরে গিয়েছেন। তাঁর জায়গায় সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে যাঁর নাম উঠে এসেছে, সেই জ়াকা আশরফ পরিষ্কার বলেছেন, ‘‘আমি অতীতেও এই হাইব্রিড মডেল খারিজ করে দিয়েছিলাম। এশীয় ক্রিকেট কাউন্সিল যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, পাকিস্তানে এশিয়া কাপ হবে, তা হলে সেটা পুরো পাকিস্তানেই হবে।’’

ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন আশরফ। এর ফলে মনে করা হচ্ছে, ভারতীয় বোর্ডের সঙ্গে আবার ঝামেলায় জড়াতে পারে পিসিবি। সে ক্ষেত্রে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে নতুন করে জটিলতা তৈরিহতে পারে।

এশীয় ক্রিকেট কাউন্সিলের এক কর্তা এর মধ্যে আবার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এই হাইব্রিড মডেলে এশিয়া কাপ করতে এসিসি রাজি হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের আর কোনও বদল হবে না। আশরফ যা খুশি বলতে পারে।’’ দু’পক্ষই যদি অনড় থাকে, তা হলে এশিয়া কাপে পাকিস্তানের খেলা নিয়েও জটিলতা দেখা দিতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pakistan Cricket Board Asia Cup India Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy