আলোচনায় পাকিস্তানের জোরে বোলার আসাদ আখতার। জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নজর কেড়েছেন তিনি। তবে ভাল বোলিংয়ের জন্য নয়। বিরাট ‘নো’ বল করে আলোচনায় উঠে এসেছেন আখতার।
ঘটনাটি ঘটেছে করাচি ব্লুজ এবং লাহৌর ব্লুজ ম্যাচে। করাচির হয়ে খেলছিলেন আখতার। গত শনিবারের ম্যাচে ১ ওভার বল করে ২১ রান দেন তিনি। দু’টি ওয়াইড এবং দু’টি ‘নো’ বল করেন। একটি ‘নো‘ বলের জন্যই আলোচনায় উঠে এসেছেন আখতার। সেটির ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
লাইনের প্রায় দু’ফুট বাইরে সামনের পা ফেলেন আখতার। তাঁর পিছনের পা ছিল লাইনের একটু পিছনে। এই বিরাট ‘নো’ বল করেই আলোচনায় উঠে এসেছেন তিনি। আখতারের এই বলের সঙ্গে তুলনা করা হচ্ছে ২০১০ সালে মহম্মদ আমিরের করা একটি কুখ্যাত ‘নো’ বলের। সেই বলটির জন্য ক্রিকেট গড়াপেটায় নাম জড়িয়ে গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন জোরে বোলারের। তবে আমিরের পা লাইনের যতটা বাইরে বেরিয়ে ছিল, তার থেকে বেশি বাইরে বেরিয়েছে আখতারের পা। জাতীয় স্তরের এক জন বোলার কী করে এমন ‘নো’ বল করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
জাতীয় পর্যায় খেলার খুব বেশি অভিজ্ঞতা অবশ্য নেই আখতারের। গত বছর তাঁর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অভিষেক হয়। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৩টি। ওভার প্রতি খরচ করেছেন ৯.১৪ রান। এ বার দু’টি ম্যাচ খেলে ১টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ১১.২৫ রান দিয়েছেন। ১৬ বছর আগে আমিরের সেই বলের সঙ্গে তুলনা হলেও আখতারের বিরুদ্ধে অবশ্য গড়াপেটার অভিযোগ ওঠেনি।