মাঠে পারছেন না। বিজ্ঞাপনের শুটিংয়েও পারছে না। বাবর আজ়মের অবস্থা নিয়ে রসিকতা শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অত্যন্ত সহজ ক্যাচ ফেলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
বেশ কিছু দিন ধরে অফ ফর্মে থাকা বাবর নিজেকে হাসির পাত্র করে তুললেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতেই। তবে মাঠের পারফরম্যান্সের জন্য নয়। বিজ্ঞাপনের শুটিংয়ে সহজ ক্যাচ ফেলে দিয়েছেন পেশোয়ার জ়ালমির অধিনায়ক। তাঁর পরিস্থিতি দেখে শুরু হয়েছে রসিকতা।
শুটিংয়ে ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ ধরার দৃশ্য ছিল। যে ভাবে স্লিপ ফিল্ডারেরা ক্যাচ ধরেন, ঠিক তেমন ভাবে। বাবরের নিরাপত্তার জন্য রাখা ছিল দুটি গদি। ঝাঁপিয়ে গদির উপর পড়ার কথা ছিল তাঁর। পিএসএলের আগে যাতে বাবরের চোট না লাগে, তা নিশ্চিত করতেই গদির ব্যবস্থা করা হয়েছিল। শুটিংয়ে সহজ একটি ক্যাচ ধরতে দেওয়া হয় বাবরকে। সব কিছু ঠিকঠাক করলেও ক্যাচটিই ধরতে পারেননি বাবর।
শুটিংয়ের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার পরই নানা রসিকতা শুরু হয়েছে তাঁকে নিয়ে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেছেন, বিজ্ঞাপনের টাকা দেওয়া উচিত নয়। এক জন বলেছেন, ‘‘দুটো গদির উপর ঝাঁপিয়েও ক্যাচ ধরতে পারছে না। মাঠে ধরবে কী করে। বাবরকে অন্তত এক বছর দলের বাইরে রাখা হোক। ক্রিকেট শিখতে বলা হোক।’’
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স ঘিরে ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। পরে জানা যায়, চোট লুকিয়ে বিশ্বকাপ খেলেছিলেন বাবর। সমস্যা বেড়ে যাওয়ায় বিশ্বকাপের পর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেননি। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েন বাবর।