২০২৩ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটের দলেই অধিনায়ক বদলের কথা বলেছিল। সেই ঘটনার পর অনিচ্ছা সত্ত্বেও অধিনায়কত্ব ছাড়েন বাবর আজ়ম। সেই ঘটনার তিন বছর পর আবার বাবরকে অধিনায়ক হিসাবে ফেরানোর পরিকল্পনা নিয়েছে পিসিবি।
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সিরিজ়ের পরই শান মাসুদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। প্রথম টেস্টে ১০৪ রানে হেরেছে পাকিস্তান। এর পর দেশেই শুরু হয়েছে সমালোচনা। চাপে পড়েই পিসিবি এমন পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। আরও সাতটি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। ২০২৩-এর ডিসেম্বর থেকে মাসুদের অধীনে পাকিস্তান মোটেই ভাল খেলতে পারেনি। ১৫টি টেস্টের মধ্যে ১১টিতেই হেরেছে তারা।
হাঁটুর চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। তবে ১৮ মে থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। এক সূত্র বলেছেন, “পাকিস্তানের বোর্ডের কিছু প্রভাবশালী কর্তা বাবরকে অধিনায়ক হিসাবে ফেরাতে চাইছেন। ওঁদের ধারণা, আরও এক বার বাবরকে নেতৃত্বে ফেরানোর এটাই সেরা সময়।”
আরও পড়ুন:
দলের মধ্যেও অনেক ক্রিকেটার নাকি বাবরকে ফেরানোর পক্ষে। ওই সূত্রের দাবি, “যদি বাবর দ্বিতীয় টেস্টে খেলে এবং ফর্ম ফিরে পায়, তা হলে অধিনায়ক হিসাবে ফেরার জন্য ও দাবিদার হয়ে উঠতে পারে। বোর্ডের কর্তাদের মতিগতি যা, তাতে বাবরের ফেরা অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছে।” তা ছাড়া, প্রথম টেস্টে হারের পর মাসুদ এতটাই হতাশ যে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন।
এক দিনের ক্রিকেটেও অধিনায়ক বদলের রাস্তায় হাঁটতে চায় বোর্ড। তবে সেখানেও বাবরকে ফেরানো হবে কি না তা স্পষ্ট নয়।