অভিনব নিয়ম পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টস হওয়ার পর পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়কেরা। এ বার থেকেই এই নতুন নিয়ম শুরু করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট ম্যাচের ফলাফল অনেক ক্ষেত্রেই নির্ভর করে টসের উপর। টস জিতলে আবহাওয়া, ২২ গজের চরিত্র বুঝে আগে ব্যাট বা বল করার সিদ্ধান্ত নেন অধিনায়কেরা। টস হারা দল অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ে। কখনও কখনও প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্তহীনতায় ভোগেন কোচ, অধিনায়কেরা। ক্রিকেটের এই অনিশ্চয়তা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। মূলত শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
সাধারণ ভাবে টসের আগে দু’দলের অধিনায়কেরা প্রথম একাদশের তালিকা দিয়ে দেন। পিএসএলের নতুন নিয়মে বলা হয়েছে, প্রথম একাদশের দু’টি তালিকা নিয়ে টস করতে যেতে পারবেন অধিনায়কেরা। টসের পর পছন্দ মতো একটি একাদশ বেছে নেওয়া যাবে। বলা হয়েছে, ‘‘ম্যাচ রেফারিকে দু’টি তালিকা টসের আগে দেবেন অধিনায়কেরা। দু’টি তালিকায় ১১ জনের দলের পাশাপাশি চার জন পরিবর্ত ফিল্ডারের নাম থাকবে। টস হয়ে যাওয়ার পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে বিভ্রান্তি তৈরি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া তাতে কোনও পরিবর্তন করা যাবে না।’’
আরও পড়ুন:
বৃহস্পতিবার পিএসএলের প্রথম ম্যাচেই নতুন এই নিয়ম দেখা গিয়েছে। লাহৌর কালান্ডার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এবং হায়দরাবাদ কিংসমেনের অধিনায়ক মার্নাস লাবুশেন দু’টি করে তালিকা নিয়ে টস করতে যান। অভিনব এই নিয়ম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে।