ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক হয়েছে। রাজ্য দলের এক কোচকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে পুদুচ্চেরির তিন ক্রিকেটারের বিরুদ্ধে। সেই তিন ক্রিকেটারকে নিলম্বিত করেছে পুদুচ্চেরি ক্রিকেট বোর্ড। একটি বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা।
অভিযুক্ত তিন ক্রিকেটারের নাম জে কার্তিকেয়ন, এ অরবিন্দরাজ ও এস সন্তোষ কুমারন। পুদুচ্চেরির অনূর্ধ্ব-১৯ দলের কোচ বেঙ্কটরমনকে মারধরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। গত বছর ৮ ডিসেম্বর ঘটেছে সেই ঘটনা। আইনি প্রক্রিয়া চলছে। তিন জনই পুদুচ্চেরির প্রথম সারির ক্রিকেটার। রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিয়মিত খেলেছেন তাঁরা।
পুদুচ্চেরি ক্রিকেট সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “সেদুরাপেট থানায় একটা অভিযোগ দায়ের হয়েছিল। তাতে মারধর ও খুনের চেষ্টার ধারা রয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে শুনানি চলছে। এই পরিস্থিতিতে পুদুচ্চেরি ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, অনির্দিষ্টকালের জন্য তিন ক্রিকেটারকে নিলম্বিত করা হয়েছে। কোনও রকমের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” ঠিক কী ঘটেছিল, কেন কোচকে খুনের চেষ্টা তিন ক্রিকেটার করেছিলেন, সেই বিষয়ে অবশ্য বিবৃতিতে কিছু বলা হয়নি।
আরও পড়ুন:
ক্রিকেট বোর্ড তিন ক্রিকেটারকে জানিয়ে দিয়েছে, এখন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা কোনও মাঠে তাঁরা ঢুকতে পারবেন না। রাজ্য দলের ক্রিকেটার হিসাবে কোনও সুবিধা তাঁরা নিতে পারবেন না। জাতীয় ও রাজ্য স্তরের তো বটেই, ক্লাব স্তরের কোনও প্রতিযোগিতাতেও তাঁরা খেলতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে বিবৃতিতে এ-ও জানানো হয়েছে, চাইলে রাজ্য ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বোর্ডের এথিক্স কমিটিতে আবেদন করতে পারেন তিন ক্রিকেটার। তবে যে বিষয় আদালতে বিবেচনাধীন রয়েছে, সেই বিষয়ে এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলার এক্তিয়ার তাদের নেই। এখন দেখার, এই ঘটনার জল কত দূর গড়ায়।