আগামী মরসুমের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিল ভারতীয় বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় রোহিত শর্মা এবং বিরাট কোহলির পতন হয়েছে। আগের চুক্তিতে তাঁরা ছিলেন এ+ বিভাগে। এ বার তাঁরা ঠাঁই পেয়েছেন গ্রেড বি-তে। এ বার থেকে এ+ বিভাগ তুলে দিয়েছে বোর্ড।
গ্রেড এ+ বিভাগে থাকা ক্রিকেটারেরা পেতেন বছরে সাত কোটি টাকা। এই মুহূর্তে ভারতের তিনটি ফরম্যাটেই খেলা একমাত্র ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। শুধু মাত্র তাঁর জন্য একটি বিভাগ রাখাকে উপযুক্ত মনে করেনি বোর্ড। সম্প্রতি টি২০ দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। ফলে তিনিও এ+ বিভাগে থাকার উপযুক্ত নন। এ, বি, সি— তিন বিভাগে থাকা ক্রিকেটারেরা বছরে বোর্ডের থেকে পাবেন যথাক্রমে পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে। মহিলাদের চুক্তিতে এই অঙ্ক যথাক্রমে ৫০ লক্ষ, ৩০ লক্ষ এবং ১০ লক্ষ।
যাঁরা মূলত তিনটি ফরম্যাটেই খেলেন, তাঁদের গ্রেড এ-তে রাখা হয়েছে। সেই তালিকায় শুভমন গিল, জসপ্রীত বুমরাহ রয়েছেন। তবে টি২০ থেকে অবসর নেওয়া রবীন্দ্র জাডেজা কী ভাবে সেখানে ঠাঁই পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাডেজা এখন দু’টি ফরম্যাটে খেলেন।
গ্রেড বি-তে মূলত স্থান পেয়েছেন তাঁরা, যাঁরা একটি বা দু’টি ফরম্যাটে খেলেন। টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এই বিভাগে রয়েছেন। এ ছাড়া হার্দিক পাণ্ড্য, কেএল রাহুলের মতো ক্রিকেটারেরা রয়েছেন। ওয়াশিংটন সুন্দর গ্রেড সি থেকে গ্রেড বি-তে উঠে এসেছেন। শ্রেয়স আয়ার গ্রেড বি-তে ফিরে এসেছেন। গ্রেড সি-তে রয়েছেন মূলত একটি ফরম্যাটে খেলা ক্রিকেটারেরা।
তাৎপর্যপূর্ণ হল, বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর জাতীয় দলের হয়ে খেলেননি। পাকাপাকি ভাবে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে গেল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ঈশান কিশন সম্প্রতি টি২০ দলে ফিরেছেন। তবে তিনি বার্ষিক চুক্তিতে জায়গা পাননি।
মহিলা ক্রিকেটারদের অনেকেই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলেন। তার থেকে পারফরম্যান্স এবং অভিজ্ঞতা অনুসারে চার ক্রিকেটারকে সর্বোচ্চ বিভাগে রাখা হয়েছে। গ্রেড বি-তেও রয়েছেন চার ক্রিকেটার। গ্রেড সি-তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার।
ছেলেদের চুক্তি
গ্রেড এ: শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজা।
গ্রেড বি: ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আয়ার।
গ্রেড সি: অক্ষর পটেল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিশ্নোই এবং রুতুরাজ গায়কোয়াড়।
মেয়েদের চুক্তি
গ্রেড এ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ় এবং দীপ্তি শর্মা।
গ্রেড বি: রেণুকা ঠাকুর, শেফালি বর্মা, রিচা ঘোষ এবং স্নেহ রানা।
গ্রেড সি: রাধা যাদব, আমনজ্যোত কৌর, প্রতীকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, কাশ্বী গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা এবং তেজল হাসনবিশ।