‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই বড় বিপদ রণবীর সিংহের। ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেতা। পাশাপাশি বক্সঅফিসেও ঝড় উঠেছে। এর মাঝেই কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে অভিনেতাকে?
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরেই নাকি ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান রণবীর। ফারহানের ছবির ঘোষণা হয়েছিল ২০২৩ সালে। সৃজনশীল মতবিরোধের জন্যই রণবীর এই ছবি থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে। তবে এর জন্য ক্ষতির মুখে পড়তে হয়েছে রণবীরকে। চুক্তি লঙ্ঘন করার জন্য প্রযোজনা সংস্থার তরফে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে অভিনেতার কাছে, খবর এমনই।
তবে শোনা যাচ্ছে, এই দাবি মানতে নারাজ রণবীর। তিনি মনে করছেন না, তাঁর ক্ষতিপূরণ দেওয়া উচিত। এক সূত্রের কথায়, “রণবীর ছবির চিত্রনাট্য পছন্দ করেননি। কিছু পরিবর্তনের কথা বহু বার বলেছিলেন তিনি। উল্টো দিকে প্রযোজনা সংস্থার দাবি, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল, তাতে রণবীরের সম্মতি নিয়েই তারা কাজ শুরু করে দিয়েছে।”
আরও পড়ুন:
গত সপ্তাহে নাকি রণবীর ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা মুখোমুখিও হয়েছিলেন। দু’ঘণ্টা কথা হয় তাঁদের। তবে শেষপর্যন্ত তাঁরা কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেননি বলে খবর। টাকাপয়সা নিয়েও আলোচনা হয়েছে সেই বৈঠকে।
যদিও এই পুরো বিষয় নিয়ে প্রযোজনা সংস্থা ও রণবীর কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।