স্ত্রীর শরীরে বার বার ফিরে আসে ক্যানসার। জানিয়েছিলেন অভিনেতা শারিব হাশমী। আরও এক বার স্ত্রী নাসরিন হাশমীর শরীরে হানা দিয়েছে ক্যানসার। এই নিয়ে ষষ্ঠ বার তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে স্ত্রীর লড়াই নিয়ে কথা বললেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়-খ্যাত অভিনেতা শারিব।
বহু বছর ধরে স্ত্রী মুখগহ্বরের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ষষ্ঠ বারের জন্য সেই ক্যানসার ফিরে এসেছে। ফলে ফের লড়াই শুরু হয়েছে তাঁদের। কেমন সেই অভিজ্ঞতা, মানসিক যন্ত্রণা, জানালেন অভিনেতা। ২০১৮ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে নাসরিনের। খবর পেয়েই ভেঙে পড়েছিলেন তাঁরা। শারিব সেই স্মৃতি স্মরণ করে বলেন, “পাঁচ বার অস্ত্রোপচার হয়েছে নাসরিনের। পাঁচ বার ক্যানসার ফিরে ফিরে এসেছিল। সম্প্রতি আবার ওর শরীরে ক্যানসার ফিরে এসেছে। এ বার ওর শরীরের সর্বত্র ক্যানসার ছড়িয়ে পড়েছে। তবে এই সময়টাও কেটে যাবে।”
ইতিমধ্যেই নাসরিনের চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন শারিব। স্ত্রীর সম্পর্কে অভিনেতা বলেন, “যে ভাবে ও ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছে, তা দেখে আমরাও সাহস পাচ্ছি। ওর খুব জটিল ধরনের ক্যানসার। তাই বার বার ফিরে আসে। কিন্তু তা সত্ত্বেও নাসরিন সাহসের সঙ্গে ক্যানসারের মোকাবিলা করে।”
নাসরিন জানিয়েছেন এই কঠিন সময়ে শারিব কী ভাবে তাঁর পাশে রয়েছেন। প্রতিটি অস্ত্রোপচারের সময়ে সঙ্গে থেকেছেন অভিনেতা। নাসরিনের কথায়, “ও আমার পাশ থেকে কখনও সরে যায়নি। ওর শুটিং বা ব্যস্ততা থাকলেও, ও ঠিক হাসপাতালে পৌঁছে যেত। যত দিন হাসপাতালে আমি থাকতাম, তত দিনই ও ব্যাগপত্র গুছিয়ে হাসপাতালে থাকত। ও কোথাও যেত না। ও থাকত বলে আমার খুব ভাল লাগত। মনে হত, সত্যিই ও আমার কাছে থাকত।”