ষাট বছরে পা দিয়েছেন। এখনও অবিবাহিত সলমন খান। বিয়ে না-করলেও সলমনের জীবনে প্রেম এসেছে বার বার। তেমনই প্রেম ভেঙেছেও প্রতি বার। প্রায় ছ’টি সম্পর্ক গড়েও ভেঙে যায় সলমনের। সোমি আলি, সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ— সলমনের প্রেমিকাদের তালিকা খুব ছোট নয়। আর তাঁরা সবাই অভিনেত্রী। তবে সলমনের প্রথম প্রেমিকাকে নিয়ে আলোচনা খুব কমই হয়। আসলে তিনি বরাবরই অন্তরালে। এই মুহূ্র্তে সলমনের সেই প্রথম প্রেমিকা স্বামীসন্তান নিয়ে সংসার করছেন। মজার তথ্য হল, তাঁর সঙ্গে পারিবারিক যোগ রয়েছে বর্তমান অভিনেত্রী কিয়ারা আডবাণীর!
আরও পড়ুন:
শোনা যায়, একটা সময় ছিল যখন প্রথম প্রেমিকাকে শুধু একটু চোখের দেখা দেখার জন্য মুম্বইয়ে সেন্ট জ়েভিয়ার্স কলেজের বাইরে অপেক্ষা করতেন সলমন। তিনি যখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন তিনি শাহীন জাফরির প্রেমে পড়েন। সলমনের পরিবারের লোকেরাও শাহীনকে খুবই পছন্দ করতেন। তাঁরা চেয়েছিলেন সলমনের স্ত্রী হয়ে আসুন শাহীন। তখন সলমনের বয়স মাত্র উনিশ। ছবিতে কাজ করাও শুরু করেননি। তবে, সলমন-শাহীনের সম্পর্ক পূর্ণতা পায়নি, আলাদা হয়ে যান তাঁরা।
শাহীন জাফরি।
এই শাহীন হলেন বিখ্যাত অভিনেতা অশোক কুমারের নাতনি। অশোক কুমারের কন্যা ভারতীর বিয়ে হয়েছিল আর এক বিখ্যাত অভিনেতা সৈয়দ জাফরির ভাই হামিদ জাফরির সঙ্গে। হামিদের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল এবং শাহীন ছিলেন তার প্রথম পক্ষের কন্যা। প্রথম পক্ষের আর এক কন্যা ছিলেন, যাঁর নাম জেনি জাফরি। যদিও তাঁর দ্বিতীয় স্ত্রী ভারতী নিজের মেয়ের মতো করেই বড় করেছিলেন শাহীন ও জেনিকে। হামিদ-ভারতীরও একটি কন্যাসন্তান হয়, যাঁর নাম অনুরাধা (পটেল)। তাঁকে দেখা গিয়েছিল গুলজ়ার পরিচালিত ‘ইজ়াজ়ত’ ছবিতে।
শাহীনের মায়ের সঙ্গে হামিদের বিবাহবিচ্ছেদের পরে তিনি ভারতীকে বিয়ে করেন। হামিদ-কন্যা জেনির মেয়ে হলেন কিয়ারা (আডবাণী)। সেই অর্থে শাহীন হলেন কিয়ারার মাসি। বছরকয়েক আগে ভারতী জাফরি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সলমন ও শাহীন একে অপরের বাড়িতে যাতায়াত করত। তখন সলমনের বয়স ১৯। শাহীন ছিল সলমনের প্রথম প্রেম। কিন্তু সলমন সিনেমায় ঢোকার পর সঙ্গীতার প্রেমে পড়ে। তার পরই সম্পর্ক ভেঙে যায় দু’জনের।’’
সঙ্গীতা বিজলানি সলমনের জীবনে আসার পর পরই শাহীনের সঙ্গে সম্পর্কচ্ছেদের দিকে যান সলমন। সঙ্গীতার সঙ্গে যখন দেখা হয় সলমনের, তত দিনে তিনি ‘ভারতসুন্দরী’ খেতাব জিতেছেন। তাঁর আগের সম্পর্ক থেকেও বেরিয়ে এসেছেন। এর পর সলমন আর সঙ্গীতা ডেট করা শুরু করেন। একই জিমে শারীরচর্চা করতে যেতেন দু’জনে। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেমের সূত্রপাত। প্রায় ১০ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়ের কার্ডও ছাপা হয়ে যায়। কিন্তু এমন সময় সোমি আলির প্রেমে পড়ে যান সলমন। আবার সোমির সঙ্গে সম্পর্ক থাকাকালীনই তিনি নাকি ঐশ্বর্যা রাইয়েরও প্রেমে পড়েন। যদিও সেই প্রেম শেষ হয় তিক্ততায়। সলমনের বিরুদ্ধে হিংসার অভিযোগ আনেন ঐশ্বর্যা। তার পর নাকি সলমনের জীবনে একটা লম্বা সময় ধরে ছিলেন ক্যাটরিনা কইফ। শোনা যায়, ক্যাটরিনার উপর মারাত্মক অধিকারবোধ দেখাতে শুরু করতেই সম্পর্কে ছন্দপতন ঘটে। এখন রোমানীয় গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সলমন।