Advertisement
E-Paper

বলের লাইনে না পৌঁছেও শরীর ছুড়ে দিয়ে এক হাতে ক‍্যাচ পাওয়েলের, এ বারের আইপিএলের অন‍্যতম সেরা

বলের লাইনে সময় মতো পৌঁছোতে পারেননি কেকেআরের রভম্যান পাওয়েল। তবে হাল ছাড়েননি। শূন্যে শরীর ছুড়ে দিয়ে এক হাতে ধরে নেন বল। মাটিতে পড়ার পরও বল ছিল পাওয়েলের তালুর নিয়ন্ত্রণে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৮:১২
picture of cricket

ক্যাচ ধরার মুহূর্তে রভম্যান পাওয়েল। ছবি: বিসিসিআই।

এ বারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ নিলেন রভম্যান পাওয়েল। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার বলের লাইন না পৌঁছেও প্রায় উড়ে গিয়ে তালুবন্দি করলেন হাইনরিখ ক্লাসেনের ক্যাচ। তাঁর অবিশ্বাস্য ক্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফেরাল অজিঙ্ক রাহানেদেরও।

এক হাতে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন পাওয়েল। হায়দাবাদের ইনিংসের ১১তম ওভারে বোলার ছিলেন ক্যামেরন গ্রিন। তিনি চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে খাটো লেংথে স্লোয়ার দেন। ক্লাসেন পিছনের পায়ে গিয়ে পুল মারার চেষ্টা করেন। তবে বলের সঙ্গে তাঁর ব্যাটের সংযোগ ঠিক মতো হয়নি। ডিপ মিড উইকেট অঞ্চলে উড়ে যায় বল। বলের গতি পথ লক্ষ্য করে ডান দিকে দৌড়োতে শুরু করেন পাওয়েল। গতি বাড়াতে কিছু দেরি করায় বলের লাইনে সময় মতো পৌঁছোতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক। তবে হাল ছাড়েননি। মরিয়া হয়ে শূন্যে শরীর ছুড়ে দিয়ে এক হাতে ধরে নেন বল। মাটিতে পড়তে পড়তে বলটি আরও শক্ত করে ধরেন। তা-ও পরিষ্কার দেখা গিয়েছে টেলিভিশনে। মাটিতে পড়ার পরও বল ছিল পাওয়েলের তালুবন্দি। তৃতীয় আম্পায়ার ভাল করে রিপ্লে দেখে ক্লাসেনকে আউট ঘোষণা করেন। পাওয়েলের এই ক্যাচ হায়দরাবাদকে ১ উইকেটে ১০৫ থেকে ৩ উইকেটে ১১৭ করে দেয়। লড়াইয়ে ফিরিয়ে আনে রাহানেদের। পাওয়েলের দুরন্ত এই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।

কয়েক দিন আগে পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ারও একটি অবিশ্বাস্য ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে মাঠের বাইরে চলে যাওয়া বল বাউন্ডারির লাইনের বাইরে ঝাঁপিয়ে এক হাতে তালুবন্দি করেন। শরীর মাটিতে পড়ার আগে বলটি ছুড়ে মাঠের ভিতরে সতীর্থকে পাঠিয়ে দেন। হার্দিক পাণ্ড্যকে নিশ্চিত ছয় থেকে বঞ্চিত করে সাজঘরে পাঠিয়ে দেন। মুম্বইয়ের ডাগ আউটের এক দম কাছে শ্রেয়সের ওই ক্যাচ দেখে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মারা।

কেকেআরের রিঙ্কু সিংহ, গুজরাত টাইটান্সের ধ্রুব জুরেল, জস বাটলার, রয়্যাল চ্যালেঞ্জার্সের জিতেশ শর্মা, দেবদত্ত পডিক্কল, চেন্নাই সুপার কিংসের ডেওয়াল্ড ব্রেভিসেরাও এ বার দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। রবিবার পাওয়েলের নেওয়া ক্যাচ নিশ্চিত ভাবে এ বারের আইপিএলের সেরা ক্যাচের তালিকায় থাকবে।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
KKR SRH Rovman Powell Catch
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy